আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। ভ্যানের উপর উল্টে পড়ল সিমেন্টবোঝাই ট্রাক। তাতেই চাপা পড়ে প্রাণ গেল গোটা পরিবারের সদস্যদের। দুর্ঘটনায় ন'জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন আরও একাধিক। দুর্ঘটনার তদন্ত চলছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলায়। পুলিশ জানিয়েছে, রাত আড়াইটে নাগাদ মেঘনগর তালুকে একটি নির্মীয়মাণ রেল ব্রিজ পেরিয়ে যাচ্ছিল সিমেন্টবোঝাই ট্রাকটি। ওই সড়কেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপর সেটি উল্টে পড়ে। তাতেই চাপা পড়েন ভ্যানের সকল যাত্রীরা।
চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেন। উদ্ধারকাজে সামিল হন স্থানীয় বাসিন্দারা। ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ন'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দু'জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, মৃতেরা সকলেই এক পরিবারের সদস্য ছিলেন। মঙ্গলবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সকলে মিলে। রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
















