আজকাল ওয়েবডেস্কঃ  বছরের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে পরিবর্তিত হচ্ছে বেশ কিছু নিয়মবিধি। চলতি মাসের শুরুতেই দেশজুড়ে চালু হয়েছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এবং রান্নার গ্যাস সংক্রান্ত একগুচ্ছ নিয়ম। যার ফলে সাধারণ মানুষের পকেট ও দৈনন্দিন জীবনযাত্রাতেও বড়সড় বদল ঘটবে। ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনকে আরও সুরক্ষিত করতে এবং জ্বালানি ব্যবহারে শৃঙ্খলা আনতেই সরকারি এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

 

একাধিক নিয়মবিধি চালু হওয়ায় তা জনগণের পকেট ও হেঁশেলের বাজেটে এর কী প্রভাব ফেলবে, তা একনজরে দেখে নেওয়া যাক-

 

ইউপিআই-তে কোন তিন নিয়ম বদল?

 

অনলাইন আর্থিক জালিয়াতি রুখতে এবং ডিজিটাল ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও সুরক্ষিত করতে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে, যেমন-

 

  • বড় অঙ্কের লেনদেনে বাড়তি নিরাপত্তা: এখন থেকে গুগল পে, ফোন পে বা পেটিএম-এর মতো অ্যাপগুলি বড় অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে শুধু মাত্র ৪ বা ৬ ডিজিটের পিনের ওপর নির্ভর করবে না। জালিয়াতি রুখতে এখন থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন (আঙুলের ছাপ বা মুখের ছবি দিয়ে আইডি) অথবা থার্ড-পার্টি টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে।

 

  • ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ: অনেক সময়ই ভুল নম্বরে টাকা চলে যাওয়ার সমস্যা তৈরি হয়। এবার থেকে টাকা পাঠানোর আগে একটি সুরক্ষিত ডেটাবেসের মাধ্যমে প্রাপকের আসল রেজিস্টার্ড নাম স্ক্রিনে ফুটে উঠবে। ফলে নিশ্চিত হয়েই টাকা পাঠানো যাবে।

 

  • এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল: ডেবিট কার্ড ছাড়া শুধুমাত্র ইউপিআই ব্যবহার করে বা কার্ডলেস পদ্ধতিতে এটিএম থেকে টাকা তুললে, তা এখন থেকে ব্যাঙ্কের নির্ধারিত মাসিক ফ্রি লিমিটের মধ্যেই গণ্য করা হবে। নির্দিষ্ট কোটা পার হয়ে গেলে সাধারণ এটিএম কার্ডের মতোই বাড়তি চার্জ দিতে হবে।

 

রান্নার এলপিজি গ্যাসের নিয়মে কোন বদল?

 

সরকার এখন থেকে এলপিজি সিলিন্ডারের চেয়ে পাইপবাহিত প্রাকৃতিক গ্যাস বা পিএনজি সংযোগের ওপর বেশি জোর দিচ্ছে। এর ফলে গ্রাহকদের জন্য বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছেঃ

  • পিএনজি কানেকশন নিলে এলপিজি বাদ: যদি কেউ নতুন পিএনজি কানেকশন নেন, তবে ৩০ দিনের মধ্যে তাঁর পুরনো এলপিজি কানেকশনটি বাতিল করতে হবে।

 

  • ডাবল কানেকশনে নিষেধাজ্ঞা: বাড়িতে সক্রিয় পিএনজি সংযোগ থাকলে নতুন করে আর কোনও এলপিজি সিলিন্ডারের কানেকশন নেওয়া যাবে না।

 

  • গ্যাস বুকিংয়ের সময়সীমা বৃদ্ধি: তেল বিপণন সংস্থাগুলি দু'টি সিলিন্ডার বুকিংয়ের মাঝখানের সময়সীমা বাড়িয়েছে। এখন থেকে শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে দ্বিতীয় সিলিন্ডার বুক করা যাবে না।

 

  • এক বাড়ি, এক কানেকশন: একটি পরিবারে যাতে নিয়ম বহির্ভূতভাবে একাধিক গ্যাস কানেকশন জমিয়ে রাখা না হয়, তার জন্য কড়া নজরদারি চালানো হবে।

 

উল্লেখ্য, ঘরোয়া এলপিজি সিলিন্ডারের পাশাপাশি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং ৫ কেজির ফ্রি-ট্রেড সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, সাধারণত ৩১ মে-র মধ্যে সমস্ত ইউপিআই অ্যাপের টেকনিক্যাল ফ্রেমওয়ার্ক আপডেট করার সময়সীমা বেধে দেওয়া হয়। তাছাড়া জুন মাসের শুরুতে স্কুলের মাইনে, গরমের ছুটির ভ্রমণ ইত্যাদির কারণে হঠাৎ লেনদেনের চাপ বাড়ে। সেই চাপ সামলাতেই এই সময়টি বেছে নেওয়া হয়েছে।

 

অন্যদিকে, মধ্য এশিয়ার ভূ-রাজনৈতিক সঙ্কটের কারণে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। ফলে ভারতেও পেট্রোল, ডিজেল, সিএনজি এবং রান্নার গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে এবং পিএনজি-র ব্যবহার বাড়াতেই সরকার এই কড়া বিধিনিষেধ জারি করেছে।