আজকাল ওয়েবডেস্ক: নিট প্রশ্ন ফাঁস নিয়ে উত্তাল দেশ। নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া ১৩জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে NEET-UG ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
সিবিআই-এর ইকোনমিক অফেন্সেস উইং-এর দাখিল করা এই চার্জশিটটি বুধবার প্রশ্নপত্র ফাঁসের মামলার শুনানির জন্য গঠিত বিশেষ ফাস্ট ট্র্যাক আদালতে পেশ করা হবে। মামলার সমর্থনে ৩৬০ জন সাক্ষী, ৪২২টি নথি এবং ৪৩টি বস্তুগত প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে তথ্য সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের তথ্য, অভিযোগপত্রে নাম দেওয়া অভিযুক্তরা হলেন- যশ যাদব, মাঙ্গিলাল বিওয়াল, দীনেশ বিওয়াল, বিকাশ বিওয়াল, সুভম খাইরনার, ধনঞ্জয় লোখান্ডে, প্রহলাদ কুলকার্নি, তেজস হর্ষদ কুমার, ডাঃ মনোজ শিরুরে, শিবরাজ রঘুনাথ মোতেগাঁওকর, মনীষা ওয়াঘমারে, মনীষা মান্ধারে এবং মনীষা সঞ্জয় হাওলদার। অভিযুক্তরা বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। কিন্তু এই ১৩জন কারা?
১. মনীষা মান্ধরে - NTA জীববিজ্ঞান বিশেষজ্ঞ
২. প্রহ্লাদ বিথলরাও কুলকার্নি – এনটিএ রসায়ন বিশেষজ্ঞ
৩. মনীষা সঞ্জয় হাওলদার - NTA পদার্থবিদ্যা বিশেষজ্ঞ
৪. মনীষা ওয়াঘমারে - মধ্যস্থতাকারী
৫. ধনঞ্জয় নিবৃত্তি লোখান্ডে – মধ্যস্থতাকারী
৬. শুভম মধুকর খয়েরনার – মধ্যস্থতাকারী
৭. যশ যাদব – মধ্যস্থতাকারী
৮. মাঙ্গীলাল বিওয়াল – মধ্যস্থতাকারী
৯. বিকাশ বিওয়াল – মধ্যস্থতাকারী
১০. দীনেশ বিওয়াল – মধ্যস্থতাকারী
১১. ডাঃ মনোজ ভগবানরাও শিরুরে – মধ্যস্থতাকারী
১২. শিবরাজ রঘুনাথ মোতেগাঁকর - আরসিসি কোচিং ইনস্টিটিউট, লাতুরের মালিক
১৩. তেজস হর্ষদকুমার শাহ- APMA কোচিং ইনস্টিটিউট, পুনেতে পদার্থবিজ্ঞান ফ্যাকাল্টি এবং সিওও।
তবে, সিবিআই জানিয়েছে, এই তদন্তে নেমে তারা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ওপর তাদের তদন্তে এই পরীক্ষা সংস্থার অভ্যন্তরে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কোনও প্রমাণ পায়নি। সর্বভারতীয় সংবাদ্মাধ্যম সূত্রে খবর, সংস্থাটি আদালতকে জানিয়েছে যে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিনিময়ে কোনও কর্মকর্তা অর্থ বা অন্য কোনো সুবিধা গ্রহণ করেছিলেন কিনা, তা জানতেই তারা এনটিএ-র কার্যক্রম বিস্তারিতভাবে খতিয়ে দেখেছে। তবে, তদন্তকারীরা এনটিএ কর্মকর্তাদের জড়িত থাকার কোনও আর্থিক দুর্নীতি বা কোনও ধরনের লেনদেনের প্রমাণ খুঁজে পাননি।
















