আজকাল ওয়েবডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মনে করেছেন আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল সংখ্যাগরিষ্ঠতা পাবেই। সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, অসমের বিধানসভায় মোট আসন সংখ্যা ১২৬। এর মধ্যে এনডিএ জোট পেতে পারে ৯০-১০০টা আসন।
হিমন্ত বিশ্ব শর্মার কথায়, ‘আমরা ৯০ থেকে ১০০ টি আসনে জয়ী হব। কংগ্রেস মেরেকেটে ১৬-১৭টি আসন পাবে। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট পাবে ৫ থেকে ৬টি আসন। রাইজোড় দলের ভাগ্যে জুটবে ১টি আসন। আর রইল পড়ে অসম জাতীয় পরিষদ! ওরা পাবে ফক্কা। ভাল মার্জিন রেখেই আমরা তিহু আর নলবাড়ি জিতব। অখিল গোগোই-এর দল দিহিং-এর আসনটা পেতে পারে’।
এর আগেও শর্মাজির অনুমান অনেকক্ষেত্রে ফলেছে। আগের নির্বাচনের ফলাফলই তার প্রমাণ। ফলে এবারেও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অনুমান জনসমক্ষে তুলে ধরলেন। তাঁর দাবি, ‘আমরা ধুব্রিতে জিতব। গোলকগঞ্জেও। গোয়াহাটি কোনও প্রতিযোগিতাই নেই। সবকটা আসন জিতব। ডিব্রুগড়ের লোকসভা আসনগুলি যেভাবে জিতেছিলাম, ভাল মার্জিনে, এবারেও সেরকমভাবেই জিতব। লখিমপুর আর কাজিরাঙাতেও জিতব। আরও বহু আসনে এনডিএ-এর প্রার্থীরাই জয়ী হবেন’।
প্রতিবেদন অনুযায়ী, শর্মার বক্তব্যে কংগ্রেসের ফলাফল হবে নিম্নমুখী। আপার অসমে তাদের অবস্থা খুব ভাল নয়। তাঁর মতে বিজেপির হাতেই ওই আসন। চা বলয়ে জনগোষ্ঠীর সংখ্যা বেশি এই আসনগুলিতে। আর সেই গোষ্ঠীগুলি মূলত কংগ্রেস থেকে বিজেপি হয়েছে। আগে আপার অসমে কংগ্রেসের দাপট থাকলেও ২০১৬-র নির্বাচনে বিজেপি কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়েছে সেই দখলদারি।
&t=2s
৯ এপ্রিল অসমে একদফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীর এই অনুমান। তবে বিরোধী দলের কথায়, ‘মুখ্যমন্ত্রী জেগে জেগে স্বপ্ন দেখছেন। নির্বাচনের ফলাফল প্রকাশ হলেই দেখতে পাবেন কংগ্রেসের দাপট কোথায় কতখানি। অসমের সাধারণ জনগণ বিরক্ত হয়ে গিয়েছেন। এই অপশাসন আর তাঁরা সইবেন না। তাঁরা বদল চাইছেন। তার প্রমাণ পাবেন ফলাফলে’।
















