আজকাল ওয়েবডেস্ক: অসুস্থ এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয়েছে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা ঘিরে দুশ্চিন্তায় দলের নেতা, কর্মীরা।
মঙ্গলবার সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শরদ পাওয়ার। দু'দিন ধরে আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। তখন তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ৮৫ বছর বয়সি বর্ষীয়ান রাজনীতিকের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
এনসিপি দলের এক নেতা সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শরদ পাওয়ারের বুকে সংক্রমণ ছিল। বর্তমানে এখন তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। রুটিন চেকআপের জন্য দু'দিন আগে হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। গুরুতর অসুস্থ হননি সেই সময়। এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি।
বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ শরদ পাওয়ার। সম্প্রতি হুইলচেয়ারে বসে রাজ্যসভায় তিনি শপথগ্রহণ করেছিলেন। চলতি বছরের শুরুর দিকেও বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ডিহাইড্রেশনের কারণে একাধিকবার পুনের হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। তবে এবার কী কারণে ফের হাসপাতালে ভর্তি হলেন, তা সুস্পষ্টভাবে এখনও জানা যায়নি।
গত ৯ ফেব্রুয়ারি গলায় সংক্রমণ নিয়ে পুনের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শরদ পাওয়ার। পাঁচদিন পর তিনি ছাড়া পেয়েছিলেন। এর দিন কয়েক পরেই আবারও ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এনসিপি প্রধান। তাঁর মুখে ক্যানসারের সংক্রমণ হয়েছিল। ভারতের পাশাপাশি আমেরিকাতেও একাধিক অস্ত্রোপচার হয়েছিল। তারপর সেরে উঠেছিলেন তিনি।
















