আজকাল ওয়েবডেস্ক: হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা একটি বাড়ি। মহারাষ্ট্রের ভিভান্ডি এলাকায় ঘটে গিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতের ওই দুর্ঘটনায় ইতিমধ্যে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে আরও বেশ কয়েকজন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবর।
পৌরসভা সূত্রে খবর, ভিভান্ডির বালাজি নগর এলাকার 'কহিনূর বিল্ডিং'-টিই গতকাল রাতে ধূলিসাৎ হয়ে গিয়েছে। বাড়িটিতে মোট ৪৮টি ঘর ছিল। প্রতিটি তলায় ছিল ১২টি করে ঘর। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই বাড়িটির 'বি উইং' হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয় পুরসভা আগেই বাড়িটিকে 'বিপজ্জনক' হিসেবে চিহ্নিত করেছিল। ঘটনাচক্রে গতকাল দুর্ঘটনার সময়ও ওই বাড়িটিতে মেরামতির কাজ চলছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বাড়িটিতে হঠাৎ তীব্র ফাটলের শব্দ শুনতে পাওয়া যায়। এরপর এলাকার অন্য বাসিন্দাদের তৎপরতায় দ্রুত বেশ কিছু পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। তবে বেশ কিছু মানুষ তখনও বাড়ি ছেড়ে বেরোতে পারেননি, আর ঠিক সেই মুহূর্তেই বাড়ির একটি অংশ ধসে পড়ে।
ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলবাহিনী-সহ উদ্ধারকারী দল। দমকল বাহিনী জানিয়েছে, এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। নিহতদের অধিকাংশই বাড়ির মেরামতের কাজে যুক্ত শ্রমিক বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। এছাড়াও জীবিত অবস্থায় উদ্ধার ছ'জন। এর মধ্যে আহত এক কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে ব্যস্ত জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), থানে বিপর্যয় মোকাবিলা বাহিনী (TDRF), স্থানীয় দমকল ও পুলিশ। ধ্বংসস্তূপ সরাতে উন্নত প্রযুক্তি এবং ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়েছে।
ভিভান্ডি-নিজামপুর পুরসভার সহকারী কমিশনার অরবিন্দ ঘোগারে জানান, ফাটল ধরার খবর পেয়েই তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। সঙ্গে সঙ্গে বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়। তবে বাসিন্দারা বেরিয়ে আসতে পারলেও মেরামতের কাজে যুক্ত শ্রমিকরা ভেতরেই আটকে যান। আর তখনই ভবনটি সম্পূর্ণ ভেঙে পড়ে।
















