আজকাল ওয়েবডেস্ক: মেট্রো স্টেশনে প্রেমিকার সঙ্গে প্রেমে মত্ত যুবক। কে জানত, সেখানেই জীবনের অন্যতম অধ্যায় শুরু হবে! প্রেমিকার সঙ্গে যুবককে হাতেনাতে ধরে ফেলেছিলেন তাঁর মা। তাতেই ঘটল বিপত্তি। মেট্রো স্টেশনেই প্রেমিকার সঙ্গে ছেলের বাগদানের আয়োজন করলেন মা। সেখানেই হয়ে গেল বিয়ের পাকা কথা! 

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা গেছে, তরুণীর হাতে মিষ্টি ও ফল তুলে দিচ্ছেন এক মহিলা। বাগদানের রীতি মেনেই তরুণীকে আশীর্বাদ করেন তিনি। মেট্রো স্টেশনের বেঞ্চে তরুণীর পাশেই বসে তাঁর প্রেমিক। অন্যদিকে যুবকের মা একজন এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করার নির্দেশ দেন। 

 

রাগের মাথায় যুবকের মা বলেন, 'তাড়াতাড়ি ভিডিওটি তোল। এখন মেট্রো স্টেশনেই বাগদান সম্পন্ন হচ্ছে। ভিডিওটি আমার বউমার বাবাকে পাঠিয়ে দিও।' এই পরিস্থিতিতে মাকে বারবার নিষেধ করেন যুবক। কিন্তু সেই আবেদনের তোয়াক্কা করেননি মহিলা। তিনি পাল্টা বলেন, 'আমার যে অসম্মান হয়েছে, তার কোনও দাম নেই!' 

বাগদানের পরেই নবদম্পতিকে আশীর্বাদ করেন মহিলা‌। এমনকী দু'জনকে জড়িয়েও ধরতে দেখা গেছে। যদিও ভিডিওটি কোন মেট্রো স্টেশনে ক্যামেরাবন্দি হয়েছে, তা জানা যায়নি। এমনকী এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। 

 

ভিডিওটি ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ দেখেছেন। একজন লিখেছেন, 'হাতেনাতে ধরলেও সম্পর্ক ভাঙতে তো বলেননি। বরং দুজনকে একসঙ্গে থাকার সুযোগ করে দিয়েছেন। এর চেয়ে ভালো আর কী হয়।' আরেকজন লিখেছেন, 'বোধহয় এটা সত্যি ঘটনা নয়। যদি সত্যি হয়, তাহলে নবদম্পতিকে আমার অনেক শুভেচ্ছা।' 

 

একজন আবার লিখেছেন, 'মেয়ের বাড়ির আত্মীয় ছাড়াই বাগদান হয়ে গেল! তাঁদের অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। এটাও একধরনের অসম্মান।' আরেকজন লিখেছেন, 'এরকম মা যেন সকলের ঘরে ঘরে থাকেন।'