আজকাল ওয়েবডেস্ক: অতি সাধারণ দিনযাপন। বাবার সামান্য উপার্জন। পেশায় কাঠের মিস্ত্রি। গ্রামেই সরকারি স্কুলে পড়াশোনা। সেই ১৪ বছরের কিশোরীই এবার তাক লাগিয়ে দিল গোটা দেশে! 'মিশন শক্তিস্যাটে' কর্মসূচিতে ভারতের প্রতিনিধিদের মধ্যে অন্যতম ১৪ বছরের কান্দুলা জেসি। তার স্বপ্ন, একদিন ইসরোতে কাজ করবে সে।
‘মিশন শক্তিস্যাটে’ হল বিশ্বের প্রথম সর্ব-মহিলা 'চন্দ্র কিউবস্যাট' কর্মসূচি। এই মিশনে অংশ নিয়েছে ১০৮টি দেশ। প্রায় ১২ হাজার জন আবেদন করেছেন এই কর্মসূচিতে যোগদানের জন্য। এর মধ্যেই ভারতের ২০ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছে। যার মধ্যে অন্যতম অন্ধ্রপ্রদেশের কান্দুলা জেসি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ধবলেশ্বরমের জিলা পরিষদ গার্লস হাই স্কুলের ছাত্রী কান্দুলা। ওই ফিজিক্যাল সায়েন্সের শিক্ষিকাই প্রথম কান্দুলারং আগ্রহ ও কৌতূহল দেখে অবাক হয়ে গিয়েছিলেন। ওই শিক্ষিকাই এই কর্মসূচিতে আবেদন করার জন্য উৎসাহ দেন। জানা গিয়েছে, কান্দুলা ছাড়াও ওই স্কুলের আরও আটজন পড়ুয়া এই কর্মসূচিতে যোগদানের জন্য আবেদন করেছিলেন।
জানা গিয়েছে, 'মিশন শক্তিস্যাটে'তে ৫৫০টি সেশন এবং ২১টি মডিউল রয়েছে। যেখানে মহাকাশ প্রযুক্তির পাশাপাশি স্যাটেলাইট সিস্টেম, থার্মোডাইনামিক্সের মতো বিষয় নিয়ে চর্চা হয়। পুরো প্রক্রিয়াটিই অনলাইনে হয়েছে। তাবড় বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎকারও ছিল।
সূত্রের খবর, আগামী ২৩ আগস্ট থেকে নয়াদিল্লিতে 'মিশন শক্তিস্যাটে'র পরবর্তী প্রশিক্ষণ শুরু হবে। সেখানে স্যাটেলাইট ডিজাইন করাও শেখানো হবে। আগামী ১১ অক্টোবর শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করবে এই ছাত্রীদের তৈরি 'চন্দ্র কিউবস্যাট'।
















