আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় এক মুসলিম ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, তিনি নিজের ধর্মীয় পরিচয় গোপন করে হিন্দু সেজে এক নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে যৌন শোষণ করেছিলেন ও মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেন। পুলিশ এমনটাই জানিয়েছে।
ধৃতের নাম মনোয়ার আনসারি। অভিযোগ, নিজের আসল পরিচয় লুকানোর জন্য ওই ব্যক্তি- কিশোরীর কাছে নিজেকে 'মনোহর' বলে পরিচয় দিয়েছিলেন। কিশোরীর মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পর মনোয়ার আনসারিকে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
এফআইআর অনুযায়ী, ঘটনাটি প্রকাশ্যে আসে ১৫ জুলাই। ওইদিন ওই নাবালিকা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল। সকাল সাড়ে ১১টা নাগাদ নাবালিকার মা-কে জানানো হয় যে, তাঁর মেয়ের শ্লীলতাহানি করা হয়েছে। বারহেটে পৌঁছানোর পর তিনি জানতে পারেন যে, অভিযুক্ত ব্যক্তি মেয়েটিকে শিবগাড়ি মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছে।
নাবালিকার মায়ের আরও অভিযোগ, অভিযুক্ত বেশ কিছুদিন ধরেই তাঁর মেয়েকে উত্যক্ত করছিলেন। মায়ের দাবি, ২৯ জুন আনসারি ওই নাবালিকাকে রাজি করিয়ে রাঁচিতে নিয়ে যায় এবং সেখানে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে এবং বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে ওই নাবালিকাকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। মা ও মামার উপস্থিতিতে নাবালিকার জবানবন্দি রেকর্ড করা হয়। এই ঘটনার আরও তদন্ত চলছে।
















