আজকাল ওয়েবডেস্ক: দিল্লির নামী ডাক্তার খুনের রহস্যের কিনারা পুলিশের। অবশেষে ধরা পড়ল মূল অভিযুক্ত। ১৬০০ কিমি পথ ছুটি ভারত-নেপাল সীমান্তের কাছে, শনিবার বিষ্ণু স্বরূপ শাহীকে গ্রেপ্তার করল পুলিশ। এই খুনের কাণ্ডে আগেই তিনজন গ্রেপ্তার হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান চালায় পুলিশ। অবশেষে তাকে গ্রেপ্তার করল। এখনও আরও চারজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, চলতি বছর মে মাসে ৬৩ বছর বয়সি যোগেশচন্দ্র পালকে বাড়িতেই খুন করা হয়। তাঁর ঘর থেকে দেহ উদ্ধার করে পুলিশ। সে সময় ঘরটি লন্ডভন্ড অবস্থায় ছিল। চুরি গিয়েছিল গয়না, টাকা। চুরির উদ্দেশেই যে ডাক্তারকে খুন করা হয়, তা অনুমান করেছিল পুলিশ।
তদন্তের শুরুতে চিকিৎসকের তিন পরিচারিকা ও পরিচারককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের জেরা করে বিষ্ণুর খোঁজ পায়। পুলিশ জানিয়েছে, এই কয়েকমাসে ছ'টি ছদ্মনামে বিভিন্ন রাজ্যে লুকিয়ে বেড়িয়েছে সে। আটটি মোবাইল ফোন ও ২০টি সিমকার্ড ব্যবহার করেছিল। শক্তি সাই, সত্য সাই, সূর্য প্রকাশ শাহী, গগন অলি, কৃষ্ণ শাহী নামে বিষ্ণু পালিয়ে বেড়াত। এই নামের ভুয়ো পরিচয় পত্র পর্যন্ত বানিয়েছিল।
শেষে গনন অলি নামে হিমাচল প্রদেশে গা ঢাকা দিয়েছিল। সেখান থেকে নেপালে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। পুলিশ সেখানে পৌঁছনোর আগে দেরাদুনে পালিয়ে যায় সে। বাসে করে নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ওই পথেই ১৬০০ কিমি পথ ছুটে বেরিয়ে অবশেষে বিষ্ণুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
















