আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্যে দিবালোকে প্রেমিকাকে চরম হেনস্থা। পার্ক বসে একের পর এক কষিয়ে চড়। যে ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন আরেক যুবক। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে দিল্লিতে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা গেছে, নিজের প্রেমিকাকে প্রকাশ্য দিবালোকে চরম হেনস্থা করছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে সোয়ার্ন জয়ন্তী পার্ক ওরফে জাপানিজ পার্ক।
পার্কে জনসমক্ষে প্রেমিকাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিক নির্যাতন করতে দেখা গেছে ওই যুবককে। এমনকী প্রেমিকাকে চড় মারতেও দেখা গেছে। ওই পার্কে অদূরের এক বেঞ্চে বসেছিলেন আরেক যুবক। তিনি ঘটনাটি চাক্ষুষ করেই চড় মারার মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রেমিকাকে ৩০ থেকে ৪০ বার চড় মেরেছেন ওই যুবক।
ভিডিওতে দেখা গেছে, পার্কের বেঞ্চে বসে প্রেমিকার সঙ্গে তুমুল ঝামেলা করছিলেন যুবক। বচসা চলাকালীন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। খানিকক্ষণ পরেই বেঞ্চ থেকে উঠে প্রেমিকাকে একের পর এক কষিয়ে চড় মারেন। পথচলতি অনেকেই বিষয়টি দেখলেও, কেউ নাক গলাননি।
কয়েক মাস আগেই এমন আরেকটি ঘটনা ঘটেছিল। করবা চৌথে স্বামীর দীর্ঘায়ু কামনায় উপোস করেছিলেন স্ত্রী। রাস্তায় পা রাখা মাত্রই মাথায় বাজ পড়ার মতো অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি। রাস্তায় ঘুরে ঘুরে প্রেমিকার সঙ্গে চুটিয়ে শপিং করছিলেন স্বামী। দেখেই রাগে ফুঁসতে থাকেন স্ত্রী। অবশেষে কাছে গিয়েই খপ করে ধরে ফেলেন স্বামীকে। তারপরেই হাইভোল্টেজ ড্রামা!
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ইন্দোরে। গত শুক্রবার করবা চৌথের দিনেই প্রেমিকার সঙ্গে স্বামীকে ভরা রাস্তায় হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী। করবা চৌথের রাতে প্রেমিকার সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিলেন এক যুবক। তবে টের পাননি স্ত্রী চুপিচুপি তাঁর উপর নজরদারি চালাচ্ছিলেন। প্রেমিকার সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরতেই তুলকালাম কাণ্ড ভরা রাস্তায়।
১০ অক্টোবর শুক্রবার রাতেই ঘটনাটি ঘটেছে ইন্দোরের নন্দ নগর এলাকায়। সেই এলাকাতেই প্রেমিকার সঙ্গে স্বামীকে কেনাকাটা করতে দেখেন স্ত্রী। তারপরেই হাইভোল্টেজ ঝামেলার নাটকীয় মোড়। প্রায় ঘণ্টা খানেক স্বামী ও স্ত্রীর ঝামেলা দেখে চক্ষু চড়কগাছ পথচলতি মানুষের।
জানা গেছে, করবা চৌথে প্রেমিকার সঙ্গে স্বামীকে দেখেই, পিছন থেকে খপ করে স্বামীর হাত ধরে ফেলেন স্ত্রী। এরপর শুরু হয় কথা কাটাকাটি, হাতাহাতি। অন্যদিকে স্বামীর আরেক হাত ধরে তাঁর পিছনেই লুকিয়ে থাকেন তাঁর প্রেমিকা। গোটা ঝামেলা চলাকালীন যুবকের প্রেমিকা পালিয়ে যাননি। বরং যুবকের সঙ্গেই দাঁড়িয়ে ছিলেন। ঝামেলা শেষ হলে, একসঙ্গেই হয়তো যাওয়ার পরিকল্পনা ছিল।
এদিকে স্বামীর থেকে জবাবদিহি চাইতে ব্যস্ত হয়ে পড়েন স্ত্রী। দিনের পর দিন প্রতারণার শিকার হয়ে, রাস্তার মাঝেই স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেড় ঘণ্টা ওই রাস্তায় ঝামেলা করছিলেন স্বামী, স্ত্রী। যা দেখে সকলেই তাজ্জব বনে যান। আরও জানা গেছে, ওই যুবকের নাম সন্দীপ শামি। তিনি আরবান অ্যাডিমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের কর্মী। করবা চৌথে প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়েই চরম হেনস্থার শিকার হন।
