আজকাল ওয়েবডেস্ক: চলন্ত বাসেই শ্লীলতাহানি। বাসের সিটে বসেই তরুণীকে হেনস্থা। পাশে বসে থাকা যুবকের কীর্তি নিজেই ক্যামেরাবন্দি করেছিলেন ওই তরুণী। ফোনে ভিডিও তুলেছিলেন যুবকের শ্লীলতাহানির ঘটনাটি। এরপর সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি শেয়ার করেন ওই তরুণী। যা সমাজমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে। 

জানা গেছে, এক সরকারি বাসেই শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে। তরুণী ক্লান্ত হয়ে বাসে ঘুমিয়ে পড়েছিলেন। সেই সুযোগেই শ্লীলতাহানি করে ওই যুবক। টের পেয়েই ফোনের ক্যামেরা চালু করেন ওই তরুণী। চলন্ত বাসে সিটে বসেই তরুণীর গায়ে হাত দেয় সে। এমনকী তাঁর গোপনাঙ্গেও হাত দেয়। গোটা ঘটনাটিই ক্যামেরাবন্দি করেছিলেন তরুণী। 

ভিডিওতে দেখা গেছে, তরুণীর গা ঘেঁষে বেসেই অশালীন আচরণ করে ওই তরুণ। কখনও গায়ে, কখনও গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টা করছিল। কয়েক মিনিট ঘটনাটি সহ্য করেই বাসেই চিৎকার শুরু করেন ওই তরুণী। বাসের যাত্রীদের সামনেই যুবকের কেচ্ছা ফাঁস করেন। পাশাপাশি যুবকের কীর্তির ভিডিওটি দেখান। তরণী চিৎকার করতেই হাত জোড় করে ক্ষমা চাইতে শুরু করে ওই যুবক। 

এখানেই শেষ নয়। শ্লীলতাহানির ঘটনাটি ঘটার পরেই বাসটি রাস্তার একপাশে থামিয়ে দেন চালক। বাসের যাত্রীরা অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করেন। ভিডিওটি ইতিমধ্যেই এক কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। তরুণীর সাহসিকতার প্রশংসা করেছেন সকলে। এভাবেই যুবকের কীর্তি সাহস দেখিয়ে প্রকাশ্যে আনার জন্য কুর্ণিশ জানিয়েছেন তাঁকে। 

প্রসঙ্গত, দিন কয়েক আগে গুজরাটেও এমন একটি ঘটনা ঘটেছিল। আবারও গুজরাটে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। এবার প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধের যৌন লালসার শিকার এক নাবালিকা। খেলার অজুহাতে নাবালিকাকে কোলে বসিয়ে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে ওই বৃদ্ধের বিরুদ্ধে। তিনদিন পেরিয়ে যাওয়ার পরেও অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেনি পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের জামনগরে। পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ অক্টোবর বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জামনগর শহরের আপনা বাজার এলাকায়। একটি দোকানের সামনে প্রকাশ্যে এক নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা করে এক বৃদ্ধ। 

জানা গেছে, ওই এলাকায় দিনের বেলায় কয়েকজন শিশু, নাবালিকা একসঙ্গে খেলাধুলা করছিল। হঠাৎ ওই বৃদ্ধ এসে শিশুদের সঙ্গে খেলাধুলা করবে বলে আবদার করে। খানিকক্ষণ তাদের সঙ্গে খেলাধুলার পর একটি দোকানের সামনে সে বসে পড়ে। তখনই ওই নাবালিকাকে ডাকে নিজের কাছে। এরপর কোলে বসিয়ে নাবালিকার শ্লীলতাহানি করে। যে মুহূর্তটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কোলে বসিয়ে নাবালিকাকে যৌন হেনস্থা করতে শুরু করে ওই বৃদ্ধ। অস্বস্তিতে ছটফট করতে থাকে ওই নাবালিকা। বিষয়টি নজরে পড়ে নাবালিকার এক বন্ধুর। সঙ্গে সঙ্গে সে ছুটে এসে নাবালিকাকে উদ্ধারের চেষ্টাও করে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক তরুণ ঘটনাটি দেখেন। তিনিই নাবালিকাকে উদ্ধারের জন্য ছুটে আসেন। বিষয়টি ঘিরে চাঞ্চল্য ছড়াতেই ওই বৃদ্ধ ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। 

নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনাটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গুজরাটে নারী নিরাপত্তা নিয়েও প্র্শ্ন তুলেছেন নেটিজেনরা। দিনের আলোয় নাবালিকাদের এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হলে, রাতের অন্ধকার যে কতটা বিপজ্জনক তার ঘিরেও আশঙ্কা প্রকাশ করেছেন বহু মানুষ। গুজরাট পুলিশ ও জামনগর পুলিশকে কড়া পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন সকলে।