আজকাল ওয়েবডেস্ক: বাড়ির পাশেই পড়েছিল মহিলার মৃতদেহ। অথচ পচা দুর্গন্ধও পেলেন না প্রতিবেশীরা। একবছর পর সেই এলাকারই আর্বজনার স্তূপ থেকে উদ্ধার হল ওই মহিলার কঙ্কাল। সেটি উদ্ধার করে নৃশংস হত্যাকাণ্ডের কিনারা করল পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনোরে। পুলিশ জানিয়েছে, ২৬ মার্চ আসিফা নামের এক তরুণীর পরিবার থানায় অভিযোগ জানায়। তাদের অভিযোগ ছিল, গত দু'বছর ধরে আসিফার সঙ্গে যোগাযোগ করতে দেন না তাঁর স্বামী কামিল। এমনকী গত দু'বছর আসিফার মুখ পর্যন্ত তাঁরা দেখতে পাননি। 

 

পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। কামিল ও তাঁর ভাই আদিলকে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জেরায় আসিফাকে খুনের ঘটনাটি তাঁরা স্বীকার করে নেন। কামিল জানিয়েছেন, আসিফা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত, এই সন্দেহে অশান্তি হত। অবশেষে তিনি, ভাই ও মাসি মিলে আসিফার শ্বাসরোধ করে খুন করেন। তারপর দেহটি বাড়ির পাশের আর্বজনার স্তূপের মধ্যে পুঁতে দেন। 

 

একবছর পর ৫ এপ্রিল সেই আর্বজনার স্তূপের মধ্যে থেকে আসিফার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সেটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কামিল ও আদিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।