আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সুপ্রিম কোর্ট একটি ভরণপোষণ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এক ব্যক্তিকে তাঁর স্ত্রীকে মাসিক ১০ হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্দেশ শুনে থ ওই ব্যক্তি। শীর্ষ আদালতকে জানিয়েছেন, তিনি প্রতিদিন মাত্র ৩২৫ টাকা আয় করেন। যার ফলে তাঁর পক্ষে সেই পরিমাণ অর্থ প্রদান করা অসম্ভব।

ভরণপোষণ মামলার শুনানির সময়, সুপ্রিম কোর্ট পরিস্থিতি বিবেচনা করে মাসিক অর্থ প্রদানের নির্দেশ দেয়। তবে, ব্যক্তিটি আদালতকে জানায় যে তিনি প্রতিদিন ৩২৫ টাকা আয় করেন। এই যুক্তি দিয়ে তিনি আদালতে জানান যে, সীমিত আয়ের কারণে আদেশ মেনে চলা তাঁর পক্ষে অসম্ভব।

ওই ব্যক্তি সুপ্রিম কোর্টকে স্পষ্ট জানিয়ে দেন যে তিনি মাসিক ১০,০০০ টাকার খরচ বহন করতে পারবেন না এবং বলেন যে তাঁর সহকর্মীরা হলফনামা দাখিল করতে প্রস্তুত। জবাবে, আদালত তাকে স্ত্রীকে নিজের কাছেই রাখতে বলেন এবং দু’জনের মধ্যে মতবিরোধগুলি বন্ধুত্বপূর্ণভাবে মিটিয়ে নিতে বলে। ব্যক্তির আয় জেনে আদালত বলে, “স্ত্রীকে নিজের কাছে রেখে দিন, তিনি আপনার জন্য রান্না করে দেবেন, বাচ্চাদের খেয়াল রাখবেন।” এই কথা শুনে ওই ব্যক্তি আদালতে জানান, তাঁর স্ত্রী তাঁর এবং তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং এও বলেন যে তাঁর বিয়ে টিকে থাকার সম্ভাবনা কম।

স্বামীর ভরণপোষণের খরচ বহন করার সামর্থ্য নেই এবং স্ত্রীর সঙ্গে  বসেও কোনও সমাধান করতে রাজি নন দেখে সুপ্রিম কোর্ট বলে যে তারা ওই ব্যক্তিকে নিয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করবে এবং জিজ্ঞাসা করবে কেন তাঁকে এত কম বেতন দেওয়া হচ্ছে। আদালত বলে, “তাদের একটি হলফনামা দাখিল করতে দিন।” ওই ব্যক্তির আইনজীবী উত্তরে বলেন যে এর ফলে সংস্থার অন্যান্য কর্মীদেরও  ভাল হবে। পরে সুপ্রিম কোর্ট মামলার রায় সংরক্ষণ করে।

গত বছর, ইলাহাবাদ হাই কোর্ট বেকারত্বের কারণে ভরণপোষণ দিতে অক্ষমতার দাবি করে একজন ব্যক্তির আবেদন খারিজ করে দিয়েছিল। পর্যবেক্ষণে বলা হয়েছিল যে একজন সুস্থ স্বামী তাঁর স্ত্রীর ভরণপোষণের জন্য বাধ্য।