আজকাল ওয়েবডেস্ক: হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার! হাসপাতালে প্রেমিকাকে দেখতে গিয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন যুবক। এর কিছুক্ষণের মধ্যেই মৃত্য! মর্মান্তিক কাণ্ডে ব্যাপক শোরগোল পড়ল দিল্লির এক হাসপাতালে। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দিল্লির সহোদরার আনন্দ বিহার এলাকায়। ওই এলাকার কৈলাশ দীপক হাসপাতালে ভর্তি ছিলেন যুবকের প্রেমিকা। হাতের শিরা কেটে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। জ্ঞান ফেরার পর যুবককে জানাতেই তিনি হাসপাতালে তাঁকে দেখতে পৌঁছন। তারপরেই ঘটে মর্মান্তিক ঘটনাটি। 

 

পুলিশ জানিয়েছে, শুক্রবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে। যুবতী হাতের শিরা কাটার পর হাসপাতাল থেকে ভিডিও কল করে যুবককে দেখিয়েছিলেন। যা দেখেই বিচলিত হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে তাঁকে দেখতেই পৌঁছে যান হাসপাতালে। কিন্তু হাসপাতালে পৌঁছে তাঁকে দেখেই জ্ঞান হারিয়ে পড়ে যান। তারপরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

 

পুলিশ আরও জানিয়েছে, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে যুবকের। তাঁর দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যুবতীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাঁদের মধ্যে কোনও ঝামেলা হয়নি বলেই জানা গিয়েছে। কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।