আজকাল ওয়েবডেস্ক: পুজো প্যান্ডেলেও অফিসিয়াল কাজে মগ্ন যুবক। দুর্গা আরাধনার পাশাপাশি ল্যাপটপ খুলে কাজ করছেন তিনি! কাঁসর, ঘণ্টা, ঢাকের আওয়াজের মাঝেই ক্লায়েন্ট মিটিংয়ে যোগ দিয়েছিলেন ওই যুবক। উৎসব উদযাপনের মাঝে যুবকের এই কীর্তিতে রীতিমতো চমকে গেছেন নেটিজেনরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্গাপুজো চলাকালীন ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। যুবক একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। দুর্গাপুজোতেও কোনও ছুটি মেলেনি। অঞ্জলি দেওয়ার মাঝেই ল্যাপটপ খুলে কাজ করছিলেন তিনি। যে মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, দুর্গা পুজো প্যান্ডেলের মধ্যে দর্শনার্থীদের ব্যাপক ভিড়। সেই উপচে পড়া ভিড়ের মধ্যে ল্যাপটপ খুলে একপাশে দাঁড়িয়ে আছেন যুবক। একবার ফোনে কথা বলছেন, কখনও ল্যাপটপে কাজ করছেন। সেই আবহেই ঠাকুর দেখছেন তিনি।
ল্যাপটপ হাতে যুবকের প্যান্ডেল হপিংয়ের ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে যুবকের এমন কাণ্ডে বেসরকারি প্রতিষ্ঠানে ওয়ার্ক কালচার নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। উৎসবের দিনগুলোতও ছুটি না পাওয়ায়, যেভাবে অনেকে আনন্দঘন মুহূর্ত থেকে বঞ্চিত হন, তা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন কেউ কেউ।
















