আজকাল ওয়েবডেস্ক: বলিউড সুপারস্টার সইফ আলি খানের উপর ১৬ জানুয়ারির ছুরি নিয়ে হামলার ঘটনায় অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শাহজাদ মুম্বাই সেশনস কোর্টে জামিন আবেদন করেছেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং মামলাটি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

অভিযুক্তের আইনজীবীর মাধ্যমে দাখিল করা আবেদনে বলা হয়েছে যে এফআইআরটি ভুলভাবে নথিভুক্ত করা হয়েছে এবং তিনি পুলিশ তদন্তের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। তাঁর আইনজীবী যুক্তি দিয়েছেন যে পুলিশের হেফাজতে ইতিমধ্যেই সমস্ত প্রমাণ রয়েছে এবং প্রমাণ লোপাটের কোনো সম্ভাবনা নেই, তাই তাঁকে জামিন দেওয়া উচিত।

১৬ জানুয়ারির ভোর ২:১৫ টার দিকে মুম্বাইয়ের বান্দ্রায় সাইফের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত সইফের ছোট ছেলে জেহ'র ঘরের জানালা দিয়ে বাড়িতে ঢুকে প্রথমে বাড়ির কর্মচারীর উপর হামলা করে এবং পরে সইফ আলি খান তাঁকে বাধা দিতে গেলে সইফকে ছুরি দিয়ে আঘাত করে।

সইফের চিকিৎসকরা তাঁর পিঠ থেকে ২.৫ ইঞ্চি লম্বা একটি ছুরি সরিয়ে নিয়েছেন। তিনি মোট ছয়টি আঘাত পান, যার মধ্যে দুটি গুরুতর ছিল কারণ সেগুলি তাঁর মেরুদণ্ডের কাছাকাছি ছিল।

প্রাথমিক তদন্তে জানা যায় যে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক এবং তিনি তাঁর মায়ের চিকিৎসার খরচ যোগানোর জন্য ধনী ব্যক্তিকে লুট করার পরিকল্পনা করেছিলেন।