আজকাল ওয়েবডেস্ক: তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণেই নিজেকে ‘সাধারণ মানুষ’ বলে পরিচয় দিলেন বিজয়। সোমবার চেন্নাইয়ে শপথগ্রহণের পর তিনি বলেন, কোনও রাজবংশ বা রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী না হওয়াই তাঁর সবচেয়ে বড় পরিচয়।

আর সেই কারণেই সাধারণ মানুষ তাঁকে গ্রহণ করেছেন। ৫১ বছর বয়সি অভিনেতা-থেকে-রাজনীতিবিদ হওয়া বিজয় স্পষ্ট বার্তায় জানান, তিনি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করবেন না।

তাঁর নেতৃত্বে তামিলনাড়ুতে ‘প্রকৃত, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়বিচারের যুগ’ প্রতিষ্ঠা হবে বলেও আশ্বাস দেন তিনি। একইসঙ্গে রাজ্যের মানুষের কাছে কিছুটা সময় চেয়ে নিয়ে তিনি বলেন, তাঁর সরকারের কাজের মূল্যায়নের জন্য কিছুটা সময় যেন তাঁকে দেওয়া হয়। তারপর জনগণ যেন তাঁর সরকারের মূল্যায়ন করে।

ভাষণে তিনি বলেন, ‘আমাকে ‘মামা’ বা ‘থাম্বি’ যাই বলা হোক, ক্ষমতার কেন্দ্র একটাই থাকবে, আর সেটা আমি।’ রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে বিজয় স্পষ্ট করতে চেয়েছেন যে টিভিকে নেতৃত্বাধীন সরকারে কোনও জোটসঙ্গীর চাপ বা হস্তক্ষেপ থাকবে না।

সরকারের সমস্ত নীতি ও সিদ্ধান্তের দায়ভার তিনিই নেবেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর মানুষের উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।

নির্বাচনী হলফনামা অনুযায়ী, বিজয়ের মোট সম্পদের পরিমাণ ৬২৪ কোটি টাকা। এর মধ্যে ২১৩ কোটি টাকা বিভিন্ন সেভিংস অ্যাকাউন্টে জমা রয়েছে এবং ১০০ কোটি টাকা বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট হিসেবে বিনিয়োগ করা হয়েছে।

স্বচ্ছতার প্রসঙ্গ তুলে বিজয় জানান, রাজ্যের আর্থিক পরিস্থিতি সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দিতে তিনি শীঘ্রই রাজ্যের অর্থনৈতিক অবস্থার উপর একটি হোয়াইট পেপার প্রকাশের বিষয়টি বিবেচনা করছেন।