দীক্ষা ভুঁইয়া: নারী শক্তিকে আরও সম্মান ও ক্ষমতায়নের লক্ষ্যে ভারতীয় কোস্ট গার্ডে অফিসার নিয়োগে বড় নীতিগত পরিবর্তনের ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার নয়াদিল্লির কর্তব্য ভবন-২-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

ভারতীয় কোস্ট গার্ডের ২০২৭ সালের স্বর্ণজয়ন্তীকে সামনে রেখে বাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও ভবিষ্যতমুখী করে তোলার লক্ষ্যে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান রাজনাথ সিং। তাঁর বক্তব্য, এই নীতিগত সংস্কার কোস্ট গার্ডের মনোবল ও কর্মদক্ষতা আরও বাড়াবে।

নতুন নীতির আওতায় কোস্ট গার্ডে অফিসার নিয়োগে সম্পূর্ণ জেন্ডার-নিউট্রাল ব্যবস্থা চালু করা হয়েছে। এবার থেকে পুরুষদের মতো মহিলারাও শর্ট সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট (SSA) এবং পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট (PA)- উভয় ক্ষেত্রেই সমান সুযোগ পাবেন। পাশাপাশি, প্রথমবারের মতো পুরুষ প্রার্থীদের জন্যও SSA-র সুযোগ উন্মুক্ত করা হয়েছে।

শুধু নিয়োগেই নয়, প্রশিক্ষণের শুরু থেকেই পদোন্নতি ও কেরিয়ার গঠনের ক্ষেত্রেও নারী অফিসারদের সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। বর্তমানে পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্ত মহিলা অফিসাররা যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ পাবেন। একই সঙ্গে, বর্তমানে SSA-তে কর্মরত মহিলা অফিসারদেরও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্টে রূপান্তরের সুযোগ দেওয়া হবে।

কেন্দ্রের মতে, এই নীতিগত পরিবর্তন দেশের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ আরও বাড়াবে এবং ‘নারী শক্তি’-কে বাস্তব অর্থে আরও শক্তিশালী করবে।