আজকাল ওয়েবডেস্ক: স্কুলবাসের ওপর প্রকাণ্ড গাছ ভেঙে মৃত্যু হল এক পড়ুয়ার। দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন শিশু। আজ, মঙ্গলবার মুম্বইয়ের চেম্বুর এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চেম্বুরের ১১ নম্বর রাস্তায় যখন দুর্ঘটনাটি ঘটে, তখন বাসটিতে ১৩ জন পড়ুয়া ছিল। ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জখম শিশুদের দ্রুত স্থানীয় জৈন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

চিকিৎসকেরা জানিয়েছেন, সেখানে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এ ছাড়া চার জন পড়ুয়া চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে।

এদিকে বাসের ভেতর তখনও এক পড়ুয়া আটকে থাকায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্যাস কাটার দিয়ে গাছের ডাল ও বাসের অংশ কেটে ওই শিশুকে বার করার চেষ্টা চালান উদ্ধারকারীরা।

এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকার বিপজ্জনক গাছগুলি ছাঁটাইয়ের জন্য পুরসভাকে (বিএমসি) বারবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনও কাজ হয়নি। আগেও এখানে এমন দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু পুর প্রশাসন সব জেনেও হাত গুটিয়ে বসেছিল বলে অভিযোগ।

এই দুর্ঘটনার রেশ কাটার আগেই আবার নতুন করে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ দিনভর মুম্বই ও তার সংলগ্ন শহরতলিতে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে।