আজকাল ওয়েবডেস্ক: ধর্মীয় পরিচয় গোপন করে প্রেমের জাল, তারপর ব্ল্যাকমেল ও ধর্মান্তকরণের ছক! লখনউতে হিন্দু সেজে নাবালিকাদের টার্গেট করা সেলুন মালিক শোয়েব আখতার গ্রেপ্তার হতেই উত্তরপ্রদেশ জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 'সৌরভ সিং' নাম নিয়ে ইনস্টাগ্রামে হিন্দু পরিচয়ে লুকিয়ে ছিল যে আসল চেহারা, তার পর্দা ফাঁস হতেই লখনউ পুলিশের হাতে উঠে এসেছে একাধিক ভয়াবহ তথ্য।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম শোয়েব আখতার, যে আদতে গোণ্ডার বাসিন্দা। লখনউতে সে একটি সেলুন চালাত এবং সেখানেই ভাড়া থাকত। ইনস্টাগ্রামে সে নিজের আসল পরিচয় গোপন করে 'সৌরভ সিং' নামে একটি প্রোফাইল খোলে এবং হিন্দু মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করত। অভিযোগ, এই ভুয়ো পরিচয়ের আড়ালে সে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলত এবং পরে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেল করা শুরু করত। ওই আপত্তিজনক ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সে মেয়েদের ধর্মান্তরিত হওয়ার জন্য জোর দিত বলেও পুলিশ সূত্রে খবর।

পুরো বিষয়টি প্রকাশ্যে আসে যখন এক নাবালিকা লখনউ পুলিশের কাছে গিয়ে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানায়। ওই নাবালিকার অভিযোগ, শোয়েব তার ধর্ম ও নাম লুকিয়ে ইনস্টাগ্রামে বন্ধুত্ব করার পর তাকে যৌন হেনস্থা করেছে এবং ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে ধর্মান্তকরণের চেষ্টা করেছে।

তদন্তে নেমে পুলিশ শোয়েবের মোবাইল ফোন থেকে বেশ কিছু আপত্তিজনক ছবি ও ভিডিও উদ্ধার করেছে, যার মধ্যে নাবালিকাদের কন্টেন্টও রয়েছে। বিকেটি-র সহকারী পুলিশ কমিশনার (ACP) জ্ঞানেন্দ্র সিং জানিয়েছেন, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও ফোন খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), উত্তরপ্রদেশ ধর্মান্তর বিরোধী আইন, আইটি অ্যাক্ট এবং পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে।

এই ঘটনার নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র বা আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, এই চক্রের শিকার আরও অনেক মেয়ে হতে পারে, যাদের পরিচয় জানার চেষ্টা চলছে।