বিউ সরকার
বিধাননগরকে দেশের অন্যতম সেরা ‘স্পোর্টস সিটি’ হিসেবে গড়ে তোলার ইচ্ছাপ্রকাশ করলেন ভারতের টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। তাঁর মতে, বিধাননগর পুরসভার অধীনে থাকা বর্তমান ক্রীড়া পরিকাঠামো যথেষ্ট উন্নত।
পরিকল্পিতভাবে সেই পরিকাঠামোকে আরও কাজে লাগানো গেলে বিধাননগর ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ক্রীড়া কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। লিয়েন্ডার পেজের কথায়, বিধাননগর পুরসভার মাঠগুলি অত্যন্ত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।
এর পাশাপাশি ফুটবল মাঠ, টেনিস কোর্ট, সুইমিং পুল এবং সল্টলেক স্পোর্টস কমপ্লেক্সের মতো আধুনিক ক্রীড়া পরিকাঠামোও এই এলাকার বড় সম্পদ। এই সমস্ত পরিকাঠামোকে আরও পরিকল্পিত ভাবে ব্যবহার করা গেলে বিধাননগর দেশের মধ্যে অন্যতম সেরা স্পোর্টস হাব হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।
শুধু ক্রীড়া ক্ষেত্রেই নয়, সুস্থ সমাজ গড়ে তুলতেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান লিয়েন্ডার। তাঁর মতে, স্বাস্থ্য এবং ক্রীড়ার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। তাই আগামী দিনে ক্রীড়া পরিকাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি খেলাধুলার প্রসারেও জোর দিতে হবে।
লিয়েন্ডার পেজের মতে, স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ এবং ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের পরিকল্পনা যদি সমন্বয় করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে আগামী দিনে বিধাননগর দেশের সামনে একটি আদর্শ ‘স্পোর্টস সিটি’র মডেল হিসেবে উঠে আসতে পারে।
















