‌আবু হায়াত বিশ্বাস: ভোটের ফল প্রকাশের পর কেটে গিয়েছে ৯ দিন। তবুও কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারল না কংগ্রেস। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দলের নেতা রাহুল গান্ধীর বৈঠক হয়েছে। মনে করা হচ্ছিল, আজই ঘোষণা করা হবে নতুন মুখ্যমন্ত্রীর নাম। তবে শেষ পর্যন্ত তা হয়নি। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, বৃহস্পতিবার ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রীর নাম। দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার দলের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। সেই কারণে আগে ভাগেই দলীয় নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, হাইকমান্ডের সিদ্ধান্তকেই মানতে হবে। 

কেরলে ইউডিএফ সরকারের মুখ্যমন্ত্রী পদের দৌঁড়ে  এগিয়ে আছেন রাহুল ঘনিষ্ঠ কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। সিংহভাগ দলের বিধায়কও চাইছেন বেণুগোপালকে। পর্যবেক্ষকদের একাংশের মতে, জনসমর্থনের নিরিখে ভিডি সতীশন এখনও যথেষ্ট জনপ্রিয় মুখ। তাকে উপেক্ষা করাও কঠিন। বেণুগোপালের বিরোধী শিবিরের  দাবি, দীর্ঘদিন দিল্লির রাজনীতিতে থাকার ফলে কেরলের তৃণমূল স্তরের সঙ্গে তাঁর যোগাযোগ আগের মতো গভীর নয়। আবার মুখ্যমন্ত্রী হলে তাঁকে আলাপ্পুঝার সাংসদ পদ ছাড়তে হবে, নতুন করে বিধানসভায় জিতে আসতে হবে। সেক্ষেত্রে দলের কাউকে ছাড়তে হবে বিধায়ক পদ। ছাড়তে হবে সাধারণ সম্পাদক (‌‌সংগঠন)‌‌ পদও।

 কংগ্রেস হাইকমান্ডের আস্থাভাজন কেসি বেণুগোপালকে মুখ্যমন্ত্রী করা হলে কেরলে বিদ্রোহ হতে পারে। ইঙ্গিত পেয়েই দফায় দফায় আলোচনা করছেন শীর্ষ নেতারা। বুধবার কেসির বিরুদ্ধে এবং ভিডি সতীশনকে চেয়ে একাধিক পোস্টার পড়েছে কেরলে। একইসঙ্গে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে, কেরলে কংগ্রেস জিতেছে সতীশনের জন্য। তাই তাঁকেই মুখ্যমন্ত্রী করতে হবে। বলা হচ্ছে,‘সতীশনকে মুখ্যমন্ত্রী না করলে ওয়েনাড় ভুলতে হবে রাহুল-প্রিয়াঙ্কাকে।’ আমেথির মতো তারা যেন ভুল না করে। এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হাত শিবিরে। তবে রাজ্য নেতাদের দলের তরফে সাফ জানানো হয়েছে, হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে, তা মানতে হবে। কোনও বিক্ষোভ, প্রতিবাদ বরদস্ত করা হবেনা। 

নব নির্বাচিত বিধায়ক দলের বৈঠক আগেই হয়েছে কেরলে। পরবর্তীতে দলের পর্যবেক্ষক, ইন-‌চার্জ ও মুখ্যমন্ত্রীর দৌঁড়ে থাকা তিন নেতাকে দিল্লিতে ডেকে বৈঠক হয়েছে হাইকমান্ডের। তারপরেও সিদ্ধান্ত নিতে না পেরে মঙ্গলবার কেরল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রবীণ নেতাদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন রাহুল গান্ধী। সূত্রের খবর, বৈঠকে দলীয় নেতাদের মতামত নেওয়ার পর বুধবার খাড়গের সঙ্গে বৈঠকে একপ্রকার চূড়ান্তই হয়ে গিয়েছে নতুন মুখ্যমন্ত্রীর নাম। কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। কাল বৃহস্পতিবার সেই ঘোষণা হবে।