আজকাল ওয়েবডেস্ক: মদের নেশায় নিজের করা অপরাধ বন্ধুর কাছে বলে ফেলার পর সামনে এল কেরালার ত্রিসূর জেলার এক নৃশংস হত্যাকাণ্ড। ৬৫ বছরের এক বৃদ্ধাকে যৌন নির্যাতন চালিয়ে অচেতন অবস্থায় কুয়োয় ফেলে হত্যা করার অভিযোগে সুরেশ নামের এক দিনমজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেরুম্বাভুরের বাসিন্দা ওই অভিযুক্ত ব্যক্তি রেললাইনের পাশের একটি নির্জন ভাড়া বাড়িতে থাকত।
পুলিশ সূত্রের খবর, গত কয়েকদিন আগে ওই বৃদ্ধাকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল সুরেশ। সেখানে দুজনের মধ্যে কোনও বিষয় নিয়ে তীব্র বচসা শুরু হয়। বচসার একপর্যায়ে অভিযুক্ত সুরেশ ওই মহিলার ওপর পাশবিক যৌন নির্যাতন চালায় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মহিলা মারা গেছেন ভেবে সুরেশ তাঁকে বাড়ির পাশের একটি কুয়োয় ফেলে দিয়ে চলে আসে।
তবে অপরাধ ধামাচাপা দিতে পারলেও সুরেশের রক্ষা হয়নি নিজের মুখের জন্যই। অতিরিক্ত মদ্যপ অবস্থায় সে তার এক বন্ধুর কাছে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে ফেলে। কথাটি জানা মাত্রই ওই বন্ধু দেরি না করে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে সুরেশের বাসা থেকেই তাকে আটক করে। উদ্ধারকারী দলের সাহায্যে কুয়ো থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় আর কারও যোগসাজশ আছে কি না, তা জানতে সুরেশের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
















