আজকাল ওয়েবডেস্ক: কেরলের আদুরে এক অটোচালকের হাতে এক তরুণীকে মাদক খাইয়ে যৌন হেনস্থার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিনোদ ওই তরুণীকে ফলের রসের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে খাইয়ে অচৈতন্য করে দেয় এবং তারপর তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও রেকর্ড করে রেখে তরুণীকে দিনের পর দিন ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতন করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

আদুরের বাসিন্দা ২৮ বছর বয়সী ওই তরুণী তার স্বামীর থেকে আলাদা হয়ে বিনোদের বাড়ির কাছেই থাকছিলেন। যাতায়াতের প্রয়োজনে তিনি মাঝেমধ্যেই বিনোদের অটো ভাড়া করতেন। অভিযোগ অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে বিনোদ তাকে ওই পানীয় খাওয়ায়। ঘটনার পর সেই আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সে তরুণীকে একাধিকবার হেনস্থা করে। অতিষ্ঠ হয়ে তরুণী বিষয়টি তার স্বামীকে জানান। খবরটি জানাজানি হতেই অভিযুক্ত বিনোদ মেজাজ হারিয়ে তরুণীকে মারধরও করে বলে অভিযোগ।

গত মাসে তরুণী পুলিশের কাছে অভিযোগ জানালেও বিনোদকে গ্রেপ্তার করতে দেরি হচ্ছিল। এরপর তিনি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলে তদন্তের গতি বাড়ে। গ্রেপ্তারি এড়াতে গা ঢাকা দিলেও শেষ পর্যন্ত শুক্রবার রাতে পুলিশ বিনোদকে পাকড়াও করতে সক্ষম হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই ডিজিটাল ভিডিওগুলি উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, শীঘ্রই তাকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হবে।