আজকাল ওয়েবডেস্ক : লোকসভা ভোটে জয়লাভের পরই বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। তিনি নিজের লোকসভা হিমাচল প্রদেশের মাণ্ডিতে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তাঁর সঙ্গে দেখা করতে হলে সঙ্গে করে নিজেদের আধার কার্ডটি নিয়ে আসতে হবে।

এখানেই শেষ নয়, কঙ্গনা আরও জানিয়েছেন, কী কারণে তাঁরা কঙ্গনার সঙ্গে দেখা করতে আসছেন তা লিখিত আকারে দিতে হবে। কঙ্গনা মনে করেন, হিমাচল প্রদেশে প্রচুর পর্যটক আসেন। তাই যারা তাঁর সঙ্গে দেখা করতে আসবেন তাঁদের সকলের কাছে আধার কার্ড থাকা দরকার। যাতে কোনও ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছে বলেই জানিয়েছেন কঙ্গনা।

বিষয়টি নিয়ে এবার কংগ্রেসের কটাক্ষের মুখে পড়লেন কঙ্গনা। কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং কঙ্গনাকে পাল্টা তোপ দেগে বলেন, যদি তাঁর সঙ্গে কেউ দেখা করতে আসে তবে তিনি তাঁদের কাছে আধার কার্ড দেখতে চাইবেন না। নিজেকে জনগনের সেবক বলে ব্যাখা করে বিক্রমাদিত্য আরও বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে দেখা করাই আমাদের কাজ। যেকোনও ধরণের সমস্যা নিয়ে আমজনতা আসতেই পারে। সেগুলিকে সমাধান করাই জন প্রতিনিধিদের প্রধান কাজ। এই কাজই করে যেতে হবে। কঙ্গনা যে নিয়ম চালু করেছেন তা জন প্রতিনিধির কাজ নয়।