আজকাল ওয়েবডেস্ক: বিয়ের ঠিক কয়েক ঘণ্টা পরেই বিচ্ছেদ। বিয়ের পরদিন সকালেই থানায় পৌঁছে নববধূ জানালেন, তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। নববধূর এহেন কাণ্ডে গোটা গ্রামে শোরগোল। বিয়ের মরশুমে যে ঘটনায় রীতিমতো হতবাক গ্রামবাসীরা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে হামিরপুরে। বিয়ের কয়েক ঘণ্টা পরেই থানায় পৌঁছে বিয়ে ভাঙার ঘোষণা করেন এক নববধূ। বিয়ের পরদিন সকালেই থানায় পৌঁছে তিনি জানান, স্বামীর সঙ্গে নয়, প্রেমিকের সঙ্গেই তিনি থাকতে চান।
পুলিশ আরও জানিয়েছে, মঙ্গলবার রাতেই শ্বশুরবাড়িতে পা রেখেছিলেন নববধূ। তখনই তিনি সিদ্ধান্ত নেন, স্বামীর সঙ্গে থাকবেন না। পরদিন সকালেই থানায় পৌঁছে নিজের সিদ্ধান্ত জানান। পুলিশকে নববধূ জানিয়েছেন, পরিবারের সদস্যরা জোরজবরদস্তি করে তাঁকে বিয়ে দিয়ে দেন। এই যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছে ছিল না তাঁর। প্রেমিকের সঙ্গেই থাকতে চেয়েছিলেন।
এরপর দুই পরিবারকে থানায় ডেকে পাঠায় পুলিশ। দীর্ঘক্ষণ আলোচনার পরেও নববধূ সিদ্ধান্ত বদল করেননি। পাত্র জানিয়েছেন, তরুণীর আগের প্রেমের সম্পর্কের কথা তিনি জানতেন না। যদি প্রেমের সম্পর্কের কথা জানতেন, তবে কখনও এই বিয়েতে তিনিও রাজি হতেন না। আলোচনার পরেও যখন সমস্যার সমাধান হয়নি, তখনই বিচ্ছেদের সিদ্ধান্তে রাজি হয় দুই পরিবার।
বিয়ের ঠিক পরদিনই পরিবারের সঙ্গে নিজের বাড়িতে ফিরে যান তরুণী। অন্যদিকে পাত্রের পরিবার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথেই হাঁটে। নগদ টাকা, গয়না সব ফেরত দিয়ে দেয় দুই পরিবার।
কয়েক মাস আগে এমন আরেকটি ঘটনা ঘটেছিল এই রাজ্যেই। বিয়ের দিনেই বিপত্তি। ফুলশয্যায় সোহাগের বদলে, নবদম্পতির সম্পর্কে ধরল চিড়। শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার আগেই স্বামী যা জানান, তা শুনেই বিয়ে ভাঙার ঘোষণা করেন নববধূ। বিয়ের তিনদিনের মাথায় ডিভোর্সের আবেদন করেন তিনি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের গোরখপুরে। পুলিশ জানিয়েছিল, বিয়ের তিনদিনের মাথায় বিচ্ছেদের ঘোষণা করে, ডিভোর্সের আবেদন করেন এক তরুণী। কারণ, ফুলশয্যায় স্বামী জানান, তিনি যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবেন না। যৌন মিলনে অক্ষম ওই তরুণ।
তবে বিয়ের আগে বিষয়টি জানাননি তিনি। বিয়ের পর ফুলশয্যায় নিজের অক্ষমতা জানান। নববধূর পরিবার জানিয়েছে, তরুণের স্বাস্থ্য পরীক্ষার পর জানা গেছে, তিনি কখনও বাবা হতে পারবেন না। এরপরই দুই পরিবারের তরফে একে অপরকে যাবতীয় উপহার ফেরত দেওয়া হয়েছে। বিয়ে ভাঙার ঘোষণা করেছেন নববধূ।
তরুণকে আইনি নোটিশ পাঠিয়েছেন তরুণী। তিনি জানিয়েছেন, 'আমি এমন কারও সঙ্গে আজীবন থাকতে পারব না, যিনি যৌন মিলনে অক্ষম। বিষয়টি আমি জানতে পারি বিয়ের রাতে। বিয়ের আগে সত্যিটা লুকিয়ে রাখা হয়েছিল।'
