আজকাল ওয়েবডেস্ক: ভ্যালেন্টাইনস ডে-তে প্রেমের প্রস্তাব প্রত্যাখান। ভয়ঙ্কর পরিণতি হল কিশোরীর। বিয়ারের বোতল ভেঙে, ভাঙা কাচের বোতল নিয়ে হামলা করেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের শিবামোগ্গায়। নৃশংস হামলার ঘটনাটি ঘটেছিল ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে-তে। তীর্থহাল্লি তালুকের আলমানে গ্রামে। রোমান্টিক প্রোপোজাল প্রত্যাখ্যান করতেই ভয়ঙ্কর হামলার শিকার হয় এক কিশোরী। 

পুলিশ জানিয়েছে, স্বরূপ নামের অভিযুক্ত যুবক ভ্যালেন্টাইনস ডে-তে এই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। প্রেমের প্রস্তাবে মুখের উপর 'না' বলেছিল কিশোরী। তাতেই রাগের পারদ চড়তে থাকে যুবকের। এরপরই একটি বিয়ারের বোতল ভেঙে, কাচের টুকরো দিয়ে কিশোরীকে কোপ মারেন। তাতেই কিশোরীর গলায়, ঘাড়ে, হাত ক্ষতবিক্ষত হয়ে যায়। 

তড়িঘড়ি করে কিশোরীকে জে সি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হতেই মনিপাল হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে সে। এই ঘটনার পরেই বিক্ষোভ দেখান স্থানীয়রা ও পরিবারের সদস্যরা। অভিযুক্ত যুবককে পাকড়াও করে বেধড়ক মারধর করেন তাঁরা। মাথায় গুরুতর চোট পেয়েছেন তিনি। 

ঘটনাস্থলে পৌঁছেই অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ। এরপর জে সি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। 

২০২৪ সালে ডিসেম্বর মাসে এমন আরেকটি ভয়াবহ ঘটনা ঘটেছিল। তিনবছর পর ধরে অপেক্ষা করেছিলেন এক যুবক। প্রেমের প্রস্তাবে বারবার প্রত্যাখ্যান পেয়েও কিশোরীর পিছু ছাড়েননি ২১ বছর বয়সি যুবক। অবশেষে মেজাজ হারিয়ে চরম পদক্ষেপ করেন তিনি। বাড়িতে ঢুকে ১৬ বছর বয়সি কিশোরীকে পুড়িয়ে দেন যুবক। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় কিশোরীর। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল অন্ধ্রপ্রদেশে। পুলিশ জানিয়েছে, নন্দিয়াল জেলায় কিশোরী নিজের ঠাকুরদার বাড়িতে ঘুরতে গিয়েছিল। সেখানেই হামলা করেন অভিযুক্ত যুবক। মাঝরাতে বাড়িতে আচমকা প্রবেশ করেন। কিশোরীর ঘরে ঢুকে, সেটি ভিতর থেকে বন্ধ করে দেন। তখন কিশোরীর মুখ চেপে ধরে, তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। 

ঘরের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা যায় কিশোরী। এরপর গায়ে আগুন নিয়ে পালানোর চেষ্টা করেন যুবক। তখনই তাঁকে আটকান আশেপাশের বাসিন্দারা। পুলিশে খবর দিয়ে, তাকে আটকে রাখেন সেখানে। অগ্নিদগ্ধ অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। 

পুলিশ জানিয়েছে, যুবক তিনবছর ধরে কিশোরীর পিছু নেন। বারবার প্রেমের প্রস্তাব দেন। কিন্তু কিশোরী প্রতিবারই প্রত্যাখ্যান করে। অবশেষে মেজাজ হারিয়ে কিশোরীকে পুড়িয়ে মারেন তিনি।