আজকাল ওয়েবডেস্কঃ ট্রেন যাত্রীদের জন্য সুখবর! এ বার থেকে অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের ঝক্কি এড়ানো যাবে। এতদিনের চেনা অভিজ্ঞতা এবার পুরোপুরি বদলে যেতে চলেছে। আগামী মাসেই ভারতীয় রেল চালু করতে চলেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি (আইআরসিটিসি)-র নতুন অত্যাধুনিক ওয়েবসাইট। বৃহস্পতিবার জয়পুরের মালব্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতায় বড় ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এই নতুন ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ।

 

রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, নতুন ওয়েবসাইটে উন্নত এবং দ্রুতগতির আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা গ্রাহকদের টিকিট কাটার অভিজ্ঞতাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

 

গত মে মাসেই রেল মন্ত্রকের পক্ষ থেকে আগেই এ কথা জানানো হয়েছিল। ঘোষণা করা হয়েছিল, তাদের প্রায় ৪০ বছরের পুরোনো ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ (পিআরএস)-কে পুরোপুরি আধুনিকীকরণ করা হচ্ছে। আগামী অগস্ট মাস থেকে এই নতুন ওয়েবসাইটটি পুরোদমে কাজ শুরু করবে। ২০০২ সালে ভারতীয় রেল প্রথম অনলাইন টিকিট বুকিং পরিষেবা শুরু করেছিল। বর্তমানে দেশের মোট ট্রেন টিকিটের প্রায় ৮৮ শতাংশই অনলাইন মাধ্যমে কাটা হয়।

 

নতুন এই পিআরএস (PRS) সিস্টেম চালু হলে টিকিটের বুকিং ক্ষমতা এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে।

 

কী কী সুবিধা মিলবে?

 

১। বর্তমানে যেখানে মিনিটে মাত্র ৩২ হাজার টিকিট বুক করা যায়। নতুন ওয়েবসাইটের মাধ্যমে তা প্রায় পাঁচ গুণ বেড়ে মিনিটে দেড় লক্ষেরও বেশি টিকিট কাটা সম্ভব হবে। এর ফলে তৎকাল টিকিট কাটার সময় ওয়েবসাইট হয়ে যাওয়ার চেনা সমস্যা থেকে মুক্তি পাবেন যাত্রীরা।

২। টিকিটের সংক্রান্ত খোঁজখবর করার ক্ষমতা মিনিটে ৪ লাখ থেকে বাড়িয়ে এক লাফে ৪০ লক্ষের বেশি করা হচ্ছে।

৩। নতুন ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা সহজেই নিজেদের পছন্দের সিট বেছে নিতে পারবেন। তাঁরা কত টাকার বিনিময়ে কোন আসন পেতে পারেন, তার একটি তালিকাও দেখতে পাবেন। যা দেখে কোন দিন কম ভাড়া, সেই মতো বেড়াতে যাওয়ার পরিকল্পনাও সেরে ফেলতে পারবেন। এছাড়া এটি হবে বহুভাষিক এবং বিশেষভাবে সক্ষম, পড়ুয়া ও রোগীদের জন্য থাকবে বিশেষ সুবিধাও।

 

রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাদের 'রেলওয়ান' নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা 'সুপার অ্যাপ' চালু করেছে। এই অ্যাপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়েছে। এর সবচেয়ে বড় সুবিধা, কোনও যাত্রী যখন 'ওয়েটলিস্ট' তালিকার টিকিট বুক করবেন, তখন এই অ্যাপটি জানিয়ে দেবে যে টিকিটটি কনফার্ম হওয়ার সম্ভাবনা ঠিক কতটা। এর পাশাপাশি রেলের যাবতীয় অন্যান্য পরিষেবাও এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।