আজকাল ওয়েবডেস্ক: আমেরিকা ও ইরানের যুদ্ধে পরিস্থিতি এখন জটিল। এর জেরে বিশ্ববাণিজ্যে যে ধাক্কা লেগেছে, তা সামাল দিতে সম্প্রতি বড় আর্থিক প্যাকেজের কথা ভাবছে মোদি সরকার। ক্ষতিগ্রস্ত ব্যবসাগুলিকে চাঙ্গা করতে ২.৫ লক্ষ কোটি টাকার একটি বিশেষ ঋণ প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে।

জানা গিয়েছে, এই প্যাকেজের আওতায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বিমান পরিষেবা ক্ষেত্রকে। ধুঁকতে থাকা এয়ারলাইনসগুলির জন্য প্রায় ৫,০০০ কোটি টাকার ঋণের ব্যবস্থা রাখা হচ্ছে। প্রতিটি সংস্থা ১,০০০ কোটি টাকা পর্যন্ত ধার নিতে পারবে। ঋণের মেয়াদ হবে পাঁচ বছর। যেহেতু যুদ্ধের বাজারে ব্যাঙ্কগুলি সহজে ঋণ দিতে চাইছে না, তাই কেন্দ্র জানিয়েছে, ঋণের ৯০ শতাংশ গ্যারান্টি সরকার নিজেই নেবে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনার সময় ব্যবসা বাঁচাতে প্রথম এই 'ইসিএলজিএস' প্রকল্প চালু হয়েছিল। এর মাধ্যমে ব্যবসায়ীরা সহজে, এমনকী কম সুদে ঋণ পেয়েছিলেন।

যুদ্ধ ও তেলের দাম বাড়ার আশঙ্কায় ভারতের শেয়ার বাজারেও ধস। গত মার্চ মাসে প্রায় ৪০০-র বেশি নামী সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় অনেকটা পড়ে গিয়েছে। বিশেষ করে তেল, গাড়ি, বস্ত্রশিল্প এবং ব্যাঙ্ক ও বিমা সংস্থাগুলি ক্ষতির মুখে পড়েছে।

সূত্রের খবর, বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার জন্য পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে ইরান। 

ভারতের মতো দেশের জন্য এই জলপথ অত্যন্ত জরুরি। কারণ এই পথ দিয়ে তেল আসা থমকে গেলে বিশ্ব অর্থনীতি নড়বড়ে হয়ে যাবে৷ বিমানের জ্বালানি থেকে শুরু করে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে। গোটা বিশ্ব এখন হরমুজের দিকেই তাকিয়ে৷