দীর্ঘ ৫২ বছরের অপেক্ষার অবসান! মধ্যপ্রদেশের ইন্দোরে এক পরিবারে জন্ম নিয়েছে কন্যাসন্তান। পরিবারে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই পরিবারে কন্যাসন্তান আসেনি, এবার সেই হিসাব ঘুরল। ফলে এই নতুন অতিথিকে ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. বেলা শাহ জৈন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যায়, হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছিলেন। এরপর চিকিৎসক যখন সদ্যজাত শিশুকন্যাকে কোলে নিয়ে বাইরে আসেন এবং জানান যে মেয়ে হয়েছে, তখন মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন সবাই। তবে এই চোখের জল ছিল আনন্দের।
কন্যাসন্তান হয়েছে শুনে হাসপাতালের মধ্যেই একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস করতে দেখা যায় পরিবারের সবাইকে। ডা. বেলা শাহ জৈন ভিডিওটির ক্যাপশনে লেখেন, 'কিছু অলৌকিক ঘটনা ঘটতে প্রজন্মের পর প্রজন্ম কেটে যায়। ৫২ বছর পর এই পরিবারে কন্যাসন্তান এল, যা চিরকাল মনে থেকে যাবে।'
সমাজমাধ্যমে এই ভিডিওটি আসার পর থেকেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে। বহু মানুষ কন্যাসন্তানের জন্ম নিয়ে সমাজের এই ইতিবাচক মানসিকতা দেখে আপ্লুত হয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন যে, পুত্র বা কন্যার ভেদাভেদ ভুলে একটি পরিবার ঠিক কতটা আকুলভাবে নতুন সদস্যকে স্বাগত জানাচ্ছে, তা দেখতে পাওয়া সত্যিই হৃদয়স্পর্শী। এই ভিডিওটি এখন নেটপাড়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
















