আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় রেল দু’টি বন্দে ভারত রুট বন্ধ করে দিতে চলেছে। বুধবার এই ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে রাজস্থান এবং গুজরাটের সংযোগকারী একটি নতুন ট্রেনের ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত এই ট্রেনটি সপ্তাহে ছ’দিন রাজস্থাবেক উদয়পুর থেকে আহমেদাবাদের কাছে আসার্ভের মধ্যে চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুয়াহাটি থেকে হাওড়া এবং কামাখ্যার মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করার কয়েকদিন পরেই এই ঘোষণা।
রেলের বিজ্ঞপ্তি অনুসারে, ২৬৯৬৩/২৬৯৬৪ নম্বর ট্রেনটি শীঘ্রই উদয়পুর এবং আসার্ভার মধ্যে চলাচল শুরু করবে। আহমেদাবাদ শহরের সীমানার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ জংশন। ট্রেনটি সপ্তাহে ছ’দিনই চলবে। জাওয়ার, দুঙ্গারপুর এবং হিম্মতনগরে দাঁড়াবে ট্রেনটি। উদয়পুর থেকে ছাড়বে সকাল ৬টা ১০ মিনিটে আসার্ভা পৌঁছবে বিকেল পৌনে ৬টায়। আসার্ভা থেকে ছাড়বে সকাল ১০টা ২৫ মিনিটে। উদয়পুর পৌঁছবে রাত ১০টায়।
উদয়পুরের সঙ্গে জয়পুর এবং আগ্রা ক্যান্টনমেন্টের সংযোগকারী দু’টি বন্দে ভারত ট্রেন বন্ধ করার কথা ঘোষণা করেছে রেল। শেষ পরিষেবার দিন ঘোষণা করা হয়নি এখনও। ২০৯৭৯/২০৯৮০ উদয়পুর– জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস এবং ২০৯৮১/২০৯৮২ উদয়পুর–আগ্রা ক্যান্টনমেন্ট বন্দে ভারত এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হচ্ছে।
২০১৯ সালে চালু হওয়ার পর থেকে উচ্চগতির প্রিমিয়াম যাত্রীবাহী ট্রেনের বহর দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ১৬০ টিরও বেশি ট্রেন চালু ছিল। পিআইবির সাম্প্রতিক তথ্য অনুসারে, ভারতীয় রেল ২০৩০ সালের মধ্যে ৮০০টি এবং ২০৪৭ সালের মধ্যে ৪,৫০০টি ট্রেন চালু করার লক্ষ্য নিয়েছে।
রেল মন্ত্রক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, “বন্দে ভারত ৪.০ হল বন্দে ভারত প্ল্যাটফর্মের আসন্ন পরবর্তী প্রজন্মের মডেল। উন্নত আসন, উন্নত টয়লেট সুবিধা, সূক্ষ্ম কোচের কারিগরি দক্ষতা এবং উন্নত অভ্যন্তরীণ ফিনিশ-সহ উন্নত যাত্রী অভিজ্ঞতা প্রদানের উপর জোর দেওয়া হচ্ছে। উন্নত সুরক্ষা এবং প্রযুক্তির অংশ হিসাবে দেশে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থার কবচ ৫.০ অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। বন্দে ভারত ৪.০ ২০২৫ সালের শেষের দিকে থেকে ১৮ মাসের মধ্যে চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।”
