আজকাল ওয়েবডেস্ক: দুর্ঘটনার কবলে ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই-৩০ এমকেআই। মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ না কি অন্য কোনও কারণ? আসামের কার্বি আংলং জেলায় প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বিমানটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের।

বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় যোরহাট এয়ারবেস থেকে ওড়ার কিছু সময় পরেই নিখোঁজ হয়ে যায় বিমানটি। রাত পৌনে আটটা নাগাদ গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে শেষবারের মতো সংযোগ হয়েছিল সেটির। যোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং-এর দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি আছড়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সন্ধ্যার অন্ধকারে হঠাৎই নীলিপ ব্লকের কাছে একটি পাহাড়ের আড়ালে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধারকাজ চালাতে ঝক্কি হয়৷ পরে হেলিকপ্টার ও পুলিশের তল্লাশিতে দুই আধিকারিকের নিথর দেহ উদ্ধার করা হয়।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, "আমরা বিমানটিকে নীচের দিকে নেমে আসতে দেখেছিলাম। তার পরেই প্রবল শব্দ আর আগুনের ঝলক।"

রাশিয়ার প্রযুক্তিতে ভারতে তৈরি এই সুখোই বিমানগুলি বায়ুসেনার অন্যতম প্রধান শক্তি। তবে গত কয়েক বছরে বারবার এই বিমান দুর্ঘটনার মুখে পড়ায় উদ্বেগের ছায়া সামরিক মহলে। মৃত দুই বীর অফিসারের শোকাতুর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতীয় বায়ুসেনা।