আজ মোবাইল ফোন ছাড়া আমাদের দৈনন্দিন জীবন কল্পনা করাই কঠিন। কথা বলা থেকে অনলাইন ব্যাঙ্কিং, পড়াশোনা, অফিসের কাজ, কেনাকাটা-সবই এখন স্মার্টফোনের মাধ্যমে করা যায়। কিন্তু জানেন কি, ভারতে প্রথম মোবাইল ফোন কল হয়েছিল ১৯৯৫ সালের ৩১ জুলাই? আর সেই ঐতিহাসিক ফোনটি করেছিলেন তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।
১৯৯৫ সালের ৩১ জুলাই ভারত আনুষ্ঠানিকভাবে সেলুলার মোবাইল পরিষেবার যুগে প্রবেশ করে। সেই দিন কলকাতার রাইটার্স বিল্ডিং থেকে জ্যোতি বসু ফোন করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় টেলিযোগাযোগমন্ত্রী সুখরামকে, যিনি তখন নয়াদিল্লিতে ছিলেন। এই কয়েক মিনিটের কথোপকথনই ভারতের টেলিকম ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
এই পরিষেবা চালু করেছিল মোদি টেলস্ট্রা, যা ভারতের মোদি গ্রুপ এবং অস্ট্রেলিয়ার টেলস্ট্রার যৌথ উদ্যোগ ছিল। সংস্থাটি মোবাইলনেট (MobileNet) নামে জিএসএম (GSM) প্রযুক্তির ওপর ভিত্তি করে পরিষেবা শুরু করে। সেই সময় জিএসএম প্রযুক্তি ছিল অত্যাধুনিক, আর এই প্রযুক্তির মাধ্যমেই প্রথম মোবাইল ফোন কলটি সফলভাবে সম্পন্ন হয়। জ্যোতি বসু এবং সুখরাম, দু'জনেই নোকিয়ার মোবাইল ফোন ব্যবহার করেছিলেন।
তবে তখন মোবাইল ফোন আজকের মতো সহজলভ্য ছিল না। একটি মোবাইল ফোন কিনতে কয়েক হাজার লক্ষাধিক টাকা খরচ হত। শুধু ফোন করলেই নয়, ফোন ধরলেও আলাদা টাকা দিতে হতো। প্রতি মিনিটে কলের খরচও ছিল অনেক বেশি। ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল এই প্রযুক্তি। ব্যবসায়ী, শিল্পপতি এবং উচ্চপদস্থ কর্মকর্তারাই মূলত মোবাইল ব্যবহার করতেন।
এরপর ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। নতুন টেলিকম সংস্থা বাজারে আসে, প্রতিযোগিতা বাড়ে এবং কলের খরচ কমতে থাকে। মোবাইল ফোনের দামও কমে যায়। ফলে সাধারণ মানুষের হাতেও পৌঁছে যায় এই প্রযুক্তি। পরে ২জি, ৩জি, ৪জি এবং এখন ৫জি পরিষেবা চালু হওয়ার ফলে ভারতের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বদলে গেছে।
আজ দেশে ১০০ কোটিরও বেশি মোবাইল সংযোগ রয়েছে। শহর থেকে গ্রাম, প্রায় সর্বত্রই মোবাইল নেটওয়ার্ক পৌঁছে গিয়েছে। এখন স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি শিক্ষা, চিকিৎসা, ডিজিটাল পেমেন্ট, সরকারি পরিষেবা, ব্যবসা এবং বিনোদনের অন্যতম ভরসা।
আজ থেকে ৩১ বছর আগে জ্যোতি বসুর সেই একটি ফোনকল হয়তো তখন খুব সাধারণ একটি ঘটনা বলে মনে হয়েছিল। কিন্তু ইতিহাস বলছে, সেই মুহূর্তই ছিল ভারতের ডিজিটাল বিপ্লবের প্রথম পদক্ষেপ। আজকের আধুনিক, সংযুক্ত ভারতের ভিত্তি তৈরি হয়েছিল ১৯৯৫ সালের ৩১ জুলাইয়ের সেই ঐতিহাসিক মোবাইল ফোন কলের মাধ্যমেই।
















