আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের বান্দায় ৩৩ জন শিশুকে যৌন নির্যাতনের দায়ে এক দম্পতিকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সেচ দপ্তরের প্রাক্তন জুনিয়র ইঞ্জিনিয়ার রামভবন এবং তাঁর স্ত্রী দুর্গাবতী। তিন বছরের শিশুরাও তাঁদের নারকীয় লালসার শিকার হয়েছে। 

বান্দার বিশেষ পকসো আদালত এই ঘটনাকে ‘বিরল থেকে বিরলতম’ আখ্যা দিয়ে এই ঐতিহাসিক রায় দিয়েছে। আদালতের নির্দেশ, নির্যাতিত প্রতিটি শিশুকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে সরকারকে। 

পাশাপাশি, অভিযুক্তদের বাড়ি থেকে উদ্ধার হওয়া সমস্ত টাকাও ওই শিশুদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার কথা বলা হয়েছে। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বান্দা ও চিত্রকূট এলাকায় শিশুদের ওপর এই অত্যাচার চলত। অনলাইন গেম, টাকা ও নানা উপহারের টোপ দিয়ে শিশুদের ফাঁদে ফেলত রামভবন।

২০২০ সালে সিবিআই এই মামলার তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে চরম নৃশংসতার ছবি। জানা গিয়েছে, নির্যাতিত শিশুদের অনেকেরই গোপনাঙ্গে গভীর ক্ষত ছিল, যার জন্য দীর্ঘ সময় তাদের হাসপাতালে কাটাতে হয়েছে। কেউ হারিয়েছেন চোখের দৃষ্টি, কেউবা আজও বয়ে বেড়াচ্ছেন গভীর মানসিক যন্ত্রণা।

তদন্তকারী সংস্থা জানিয়েছে, অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে শিশুদের বয়ান নেওয়া এবং সমস্ত ডিজিটাল প্রমাণ জোগাড় করা হয়েছিল। ২০২১ সালেই সিবিআই চার্জশিট জমা দেয়। বিচারক রায়ে জানান, অপরাধের ধরন ও নিষ্ঠুরতা এতটাই চরম যে অপরাধীদের সংশোধনের আর কোনও সুযোগ নেই। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এই চরম দণ্ডই একমাত্র পথ।

সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের ওপর হওয়া যে কোনও অপরাধ দমনে তারা বদ্ধপরিকর। এই রায় আগামী দিনে শিশুদের অধিকার রক্ষায় একটি বড় পদক্ষেপ।