আজকাল ওয়েবডেস্ক: নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক অটোচালক হায়দরাবাদের ব্যস্ত বাজার এলাকায় এক চেন ছিনতাইকারীকে আটকান। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। পরবর্তিতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেলে দাবানলের গতিতে ছড়িয়ে পড়ে ব্যবহারকারীদের মধ্যে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ৪ মার্চ। হায়দরাবাদের বেগম বাজার এলাকায়, জিনসি চৌরাহার কাছে ঘটে এই ঘটনা। এলাকাটি পড়ে গোষামহল থানার অধীনে। সূত্র অনুযায়ী, এদিন সকালে এক মহিলা, মঞ্জু ওমলতা, তাঁর পুত্রবধূকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় অভিযুক্ত মহম্মদ সোহেল নামে এক ব্যক্তি তাঁর গলার সোনার চেন ছিনতাই করার চেষ্টা করেন। এরপর দ্রুত স্কুটারে করে পালানোর চেষ্টা করেন।
সিসিটিভির ফুটেজ অনুযায়ী, পালানোর সময় অভিযুক্ত স্কুটারের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া এক অটোচালক, যাঁর নাম মহম্মদ জাহের, তিনি নিজের অটোর সাইড মিররে গোটা ঘটনাটি লক্ষ্য করেন। মুহূর্তের মধ্যে তিনি অটো ঘুরিয়ে অভিযুক্তের পিছু ধাওয়া করেন। এরপর তিনি নিজের অটো দিয়ে অভিযুক্তের স্কুটারকে ধাক্কা মারেন। এর ফলে অভিযুক্ত মাটিতে পড়ে যান এবং আর পালাতে পারেননি।
এখানেই পুরো ঘটনাটি শেষ হয়েছে এমনটা নয়। অভিযুক্ত নাকি একটি লাঠি দিয়ে জাহেরের উপর হামলা চালান। তবুও জাহের ভয়ে পেয়ে পিছিয়ে আসেননি বা থেমে থাকেননি। তিনি একাই অভিযুক্তকে আটকে রাখেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে তারপর তিনি কোনও প্রশংসার অপেক্ষা না করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়ে নিজের কাজে ফিরে যান।
এই সাহসিকতার জন্য হায়দরাবাদ পুলিশের কমিশনার ভি. সি. সজ্জনার তাঁকে সংবর্ধনা জানান। বানজারা হিলসের টিজিআইসিসিসি-তে তাঁকে নগদ পুরস্কার ও সম্মানপত্র দেওয়া হয়েছিল। পুলিশ সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ধৃত ব্যক্তির নামে এর আগেও পুলিশি অভিযোগ দায়ের হয়েছিল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১৬টি মামলা রয়েছে।
ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরে ব্যবহারকারীরা ভূয়সী প্রশংসা করেছেন। জাহেরের সাহসিকতার প্রশংসা করেছেন বহু মানুষ। বহু মানুষ আবার প্রশ্নও করেছেন, ‘যে ব্যক্তির নামে এতগুলো অভিযোগ রয়েছে তিনি গায়ে হাওয়া লাগিয়ে এভাবে ঘুরে বেড়ায় কীভাবে?’
আপাতত অভিযুক্ত গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত অভিযোগ ঘিরে তদন্ত চলছে। সূত্রের খবর তেমনটাই।















