আজকাল ওয়েবডেস্ক: আইআইটি ভর্তির জন্য প্রয়োজনীয় প্রবেশিকা না দিয়েই ভর্তির সুযোগ দেশের অন্যতম প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি কানপুরে এমনটাই ঘটেছে বলে খবরে প্রকাশ। তবে তার কারণও ব্যাখ্যা করা হয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যমে।\

 

জানা গিয়েছে, সাধারণত জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন অ্যাডভান্সড বা জেইই অ্যাডভান্সড' প্রবেশিকায় উত্তীর্ণ হল্লেই আইআইটি-তে ভর্তির সুযোগ মেলে। কিন্তু এ ছাড়াও রয়েছে বিশেষ কোটা। সেই কোটাতেই ১৪ জন কৃতী আইআইটি কানপুরে ভর্তির সুযোগ পেয়েছেন। প্রতিষ্ঠানের বিশেষ 'অলিম্পিয়াড কোটা'র মাধ্যমে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পেরেছেন তাঁরা।

 

গত ১৫ জুন শেষ হয় এই বিশেষ কোটার আবেদন প্রক্রিয়া। তার পর মোট ১৭ জনকে প্রাথমিক তালিকায় রাখা হয়েছিল। এরপর ২৪ জুন আইআইটি কানপুর ক্যাম্পাসে আয়োজন করা হয় একটি তিন ঘণ্টার 'কম্পিউটার ভিত্তিক পরীক্ষা' বা সিবিটি-র। পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত থেকে ১৫টি করে মোট ৪৫টি প্রশ্ন ছিল। পরীক্ষায় একজন অনুপস্থিত ছিলেন। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দু'জনকে রাখা হয়েছে ওয়েটিং লিস্টে। বাকি ১৪ জন পড়ুয়া সরাসরি মূল তালিকায় জায়গা করে নিয়েছেন।

 

নির্বাচিতদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৬ জন, বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং ২ জন ভর্তি হয়েছেন। বাকিরাও গণিত, ইন্টেলিজেন্ট সিস্টেমস, রসায়ন এবং ডেটা সায়েন্স-সহ অন্যান্য প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন।

 

আইআইটি কানপুরের নিয়ম অনুযায়ী, এই 'অলিম্পিয়াড কোটা'-য় মোট পাঁচটি বিভাগে ভর্তি নেওয়া হয়। বিভাগগুলি যথাক্রমে— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োলজিক্যাল সায়েন্সেস অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, ইকোনমিক সায়েন্সেস এবং ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স।

 

মূলত, বিভিন্ন বিষয়ে প্রতিভাধারীদের চিহ্নিত করে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়। স্বীকৃত অলিম্পিয়াড প্রতিযোগিতায় উল্লেখযোগ্য পড়ুয়ারা এই 'কোটা'-র সুবিধা পান। তবে এ ক্ষেত্রে আবেদনের কিছু নির্দিষ্ট নিয়মবিধি রয়েছে। যেমন— আবেদনকারীদের বয়স জেইই অ্যাডভান্সড-এর জন্য উল্লিখিত নিয়ম অনুযায়ী হতে হবে। দ্বাদশ শ্রেণীতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত থাকতে হবে। এছাড়া, যেসব পড়ুয়ারা আগে কখনও জোসা-র মাধ্যমে কোনও আইআইটিতে ভর্তির আবেদন জানিয়েছেন বা ভর্তি হয়েছেন, তাঁরা এই কোটায় আবেদনের যোগ্য নন।