আজকাল ওয়েবডেস্ক: আইআইটি-তে পড়াশোনা। নামি সংস্থায় চাকরি। বিদেশে পাড়ি দিয়েও ঘুরে যায় ভাগ্যের চাকা। এখন বিদেশের মাটিতে চা বিক্রি করছেন ভারতীয় মেধাবী পড়ুয়া। চা বিক্রি করেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল তাঁর নাম। 

যুবকের নাম, প্রভাকর প্রসাদ। তিনি লস অ্যাঞ্জেলেসের ফার্মাস মার্কেটে রোজ চা ও জলখাবার বিক্রি করেন।‌ ব্রেকফাস্টে শুধু ভারতীয় খাবার থাকে। চা ও পোহা বিক্রি করেই এলাকায় তাঁর নাম ছড়িয়ে পড়েছে। ওই বাজারে খাবারের ছোট ছোট দোকান রয়েছে। মূলত বাজারে গেলেই এই সব দোকানের খাবার চেখে দেখেন স্থানীয়রা। 

প্রভাকর ওই বাজারে গরম চায়ের সঙ্গে পোহা পরিবেশন করেন। সম্প্রতি তাঁর দোকানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। বিহারের বাসিন্দাকে আমেরিকায় চায়ের দোকান চালাতে দেখে অনেকেই চমকে গেছেন। 

ইনস্টাগ্রামে প্রভাকর 'বিহারী চায়ওয়ালা' নামেই পরিচিত। ওই অ্যাকাউন্টে নিজেই প্রতিদিন ছোট ছোট রিল, ভিডিও পোস্ট করেন প্রভাকর। বর্তমানে ১০ হাজার ফলোয়ার রয়েছে তাঁর। দোকানে কীভাবে চা তৈরি করেন, গ্রাহকদের সঙ্গে আলাপচারিতার ভিডিও পোস্ট করেন সেখানে। 

প্রভাকর জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসের ওই বাজারে এক কাপ চা ভারতীয় মুদ্রায় ৭৮০ টাকায় বিক্রি করেন। পোহা বিক্রি করেন ভারতীয় মুদ্রায় ১৩৫০ টাকায়। যদিও ভারতীয় বাজারের তুলনায় যদিও কয়েক গুণ বেশি দাম এই খাবারের। তা সত্ত্বেও প্রভাকরের দোকানের সামনে গ্রাহকদের লাইন পড়ে যায়। বেশিরভাগ দিনই তাঁর দোকানের সব খাবার বিক্রি হয়ে যায়। 

প্রভাকরের জন্ম ও বেড়ে ওঠা বিহারে। গঙ্গার ধারে এক ছোট্ট গ্রামে। ছোট থেকে পরিবারে আর্থিক সঙ্কট দেখেছেন তিনি। অভাবের সঙ্গে নিত্যদিন লড়তে হলেও পড়াশোনা থামিয়ে রাখেন। পড়াশোনার ফাঁকে আগ্রহ ছিল ক্রিকেট খেলা ও গানের প্রতি। 

একটি অপ্রত্যাশিত ঘটনার পর পরিবারের সঙ্গে বিহার থেকে ভোপালে চলে আসেন তিনি। সেখানে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি হন। ইংরেজিতে ভাল করে কথা বলতে না পারার জন্য সহপাঠীদের থেকে কটুক্তিও শুনতে হত। 

এরপর আইআইটিতে পড়াশোনা এবং ২০০৮ সালে চাকরি শুরু।‌ চাকরি ছেড়ে মুম্বইয়ে গিয়ে মডেলিং করতেও শুরু করেন। এরপর আমেরিকায় প্রেমিকার কাছে চলে যাওয়ার চেষ্টা করেন। একাধিকবার ভিসা বাতিল হলেও ২০১৪ সালে টেক্সাস পৌঁছে যান। 

জানা গেছে, সেখানেও একের পর এক অফিস থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল তাঁকে। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয়। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। অবশেষে ক্যালিফোর্নিয়ায় একাই থাকতে শুরু করেন। সেখানে চায়ের দোকান খোলেন। সেই থেকে প্রভাকরের নতুন ব্যবসার পথচলা শুরু।