আজকাল ওয়েবডেস্ক: সরকারি হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আইসিইউ থেকে দাউদাউ আগুন ছড়াল পাশের ওয়ার্ডেও। দ্রুত উদ্ধার করা হয়েছে শতাধিক রোগীকে। অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্কে রোগীদের আত্মীয়স্বজনরা। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। শনিবার রাত ১টা নাগাদ কমলা রাজা হাসপাতালে দাউদাউ আগুন দেখতে পান কর্মীরা। আইসিইউ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ওয়ার্ডে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। ধোঁয়া দেখেই দমকলে খবর পাঠান নিরাপত্তা কর্মীরা। পাশাপাশি রোগীদের উদ্ধার কাজ শুরু হয়। 

 

হাসপাতালের নার্স ও কর্মীরা জানিয়েছেন, আগুন দেখেই দ্রুত আইসিইউ থেকে ১৩ জন এবং পাশের ওয়ার্ড থেকে আরও ১৮০ জন রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে হতাহতের খবর নেই। রোগীদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রাতেই দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রে জানা গেছে, আইসিইউয়ের এসি থেকে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। হাওয়ায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।