আজকাল ওয়েবডেস্ক: অনলাইনে কেনাকাটা এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। Amazon, Flipkart-সহ বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে প্রায় প্রতিদিনই কেউ না কেউ পণ্য অর্ডার করছেন। তবে বেশিরভাগ মানুষ পণ্য হাতে পাওয়ার পর কার্ডবোর্ডের বাক্সটি খুলে সরাসরি ফেলে দেন। কিন্তু সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এই অভ্যাসই আপনাকে বড় ধরনের আর্থিক প্রতারণার শিকার করতে পারে।
ডেলিভারি বক্সের গায়ে লাগানো ছোট্ট শিপিং স্টিকারে এমন অনেক ব্যক্তিগত তথ্য থাকে, যা অপরাধীদের হাতে পড়লে আপনার পরিচয় এবং তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।
সাধারণত এই স্টিকারে গ্রাহকের নাম, মোবাইল নম্বর, বাড়ির ঠিকানা, ই-মেল আইডি এবং কখনও কখনও কেনা পণ্যের বিবরণও উল্লেখ থাকে। এই তথ্য সংগ্রহ করে প্রতারকরা অত্যন্ত পরিকল্পিতভাবে ভুয়ো ফোন, মেসেজ বা ই-মেলের মাধ্যমে গ্রাহকদের টার্গেট করে।
কীভাবে হয় এই প্রতারণা?
প্রতারকরা আবর্জনার স্তূপ বা বর্জ্য সংগ্রহের স্থান থেকে ফেলে দেওয়া ডেলিভারি বক্স সংগ্রহ করে। এরপর শিপিং লেবেলে থাকা তথ্য ব্যবহার করে তারা গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে নিজেদের Amazon, Flipkart বা কোনও কুরিয়ার সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দেয়।
বিশ্বাস অর্জনের জন্য তারা জানায় যে আপনি ক্যাশব্যাক, লয়্যালটি রিওয়ার্ড বা বিশেষ ডিসকাউন্ট জিতেছেন। এরপর একটি লিঙ্ক পাঠিয়ে সেটিতে ক্লিক করতে বলা হয় অথবা একটি ছোট সার্ভে পূরণ করার অনুরোধ করা হয়।
অনেক ক্ষেত্রেই সেই লিঙ্ক ভুয়ো ওয়েবসাইটে নিয়ে যায়, যেখানে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য, UPI PIN কিংবা OTP চাওয়া হয়। আবার কিছু ক্ষেত্রে লিঙ্কে ক্লিক করলেই স্মার্টফোনে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে, যা গোপনে পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য এবং অন্যান্য সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম।
কীভাবে নিরাপদ থাকবেন?
এই ধরনের প্রতারণা এড়ানোর সবচেয়ে সহজ উপায় হল ডেলিভারি বক্স ফেলার আগে শিপিং স্টিকারটি সম্পূর্ণ নষ্ট করে দেওয়া। স্টিকারে থাকা নাম, ফোন নম্বর, ঠিকানা বা অন্য ব্যক্তিগত তথ্য ছিঁড়ে ফেলুন, কেটে দিন অথবা কালো মার্কার দিয়ে ঢেকে দিন যাতে তা আর পড়া না যায়।
এছাড়াও, কেউ যদি Amazon, Flipkart বা অন্য কোনও ই-কমার্স সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন বা মেসেজ করে ব্যাংকিং তথ্য, OTP বা UPI PIN চায়, তাহলে কখনও সেই তথ্য শেয়ার করবেন না। কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করে প্রয়োজনে সরাসরি সংশ্লিষ্ট ই-কমার্স প্ল্যাটফর্মের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে তথ্য যাচাই করুন।
সামান্য সতর্কতাই আপনাকে বড় আর্থিক ক্ষতি এবং সাইবার প্রতারণা থেকে রক্ষা করতে পারে। তাই পরের বার ডেলিভারি বক্স ফেলার আগে শিপিং স্টিকারটি অবশ্যই নষ্ট করুন।
















