আজকাল ওয়েবডেস্ক: মন্ত্র উচ্চারণেই ফিরবে ভাগ্য। তন্ত্রসাধনায় দ্বিগুণ হবে সম্পত্তি, অর্থের পরিমাণ। এভাবেই বন্ধুদের, পরিবারের সদস্যদের, পরিচিতদের টোপ দিত তান্ত্রিক-রূপী একজন ইউটিউবার। সম্প্রতি এক ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগে এই ইউটিউবারকে আটক করে পুলিশ। তদন্তে নেমে জানতে পারে, এই ইউটিউবার আদতে একজন সিরিয়াল কিলার। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে গুজরাটে। সম্প্রতি সানবাদের একজন নামী ব্যবসায়ীকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে নভলশিস নামের এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে নভলশিসকে আটক করে পুলিশ। তদন্তে নেমে জানতে পারে, ব্যবসায়ীর টাকা দ্বিগুণ করে দেবে, এই প্রতিশ্রুতি দিয়ে তন্ত্রসাধনায় তাঁকে ডেকেছিল। এরপর বিষ মেশানো খাবার খাইয়ে তাঁর টাকা হাতিয়ে পালিয়েও যায়। ব্যবসায়ীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে প্রথমে নভলশিসকে আটক করে পুলিশ। 

দীর্ঘ জেরার পর পুলিশ জানতে, নভলশিস আদতে তান্ত্রিক-রূপী সিরিয়াল কিলার। তন্ত্রসাধনায় সম্পত্তি, টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে পরপর চারটি খুন করেছে সে। ২০২৩ সালে এক পরিবারের তিন সদস্যকে খুন করেছিল। ২০২১ সালে আরও একজনকে খুন করেছিল সে। লোভ দেখিয়ে, বিষ খাইয়ে খুন করে সে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে সে। তার বিরুদ্ধে অভিযোগের আরও প্রমাণ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ওই পরিবারের তিন সদস্যের মৃত্যুর তদন্ত নতুন করে শুরু করেছে তারা।