আজকাল ওয়েবডেস্ক: চিনা রোবটকে নিজেদের বলে চালানোর অভিযোগ। আর সেই ‘প্রতারণা’র দায়ে দিল্লির ‘এআই ইমপ্যাক্ট সামিট’ থেকে পত্রপাঠ বিদায় করা হল গ্রেটার নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়কে। একটি ভিডিও ঘিরে বিতর্ক দানা বাঁধতেই কড়া পদক্ষেপ করেছেন আয়োজকরা।

দিল্লির এই 'কৃত্রিম মেধা' (এআই) সম্মেলনে গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা একটি রোবট-কুকুর প্রদর্শন করেন, যার নাম দেওয়া হয়েছিল ‘অরিয়ন’। ভাইরাল হওয়া একটি ভিডিও-তে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা নেহা সিংহকে দাবি করতে শোনা যায়, এই রোবটটি তাঁদের প্রতিষ্ঠানের ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ তৈরি করা হয়েছে। শুধু তাই নয়,  তিনি আরও জানান, এটি অনায়াসেই ক্যাম্পাসে নজরদারি চালাতে পারে।

কিন্তু ভিডিওটি ছড়িয়ে পড়তেই আসল তথ্য ফাঁস করে দেন নেটিজেনরা। বিশেষজ্ঞরা জানান, ‘অরিয়ন’ আদতে চিনা সংস্থা ‘ইউনিট্রি’-র তৈরি একটি রোবট। নাম বদলে চিনা প্রযুক্তিকে নিজেদের উদ্ভাবন বলে প্রচার করার অভিযোগে উত্তাল হয় নেট দুনিয়া।

শুরুতে বড় বড় দাবি করলেও বিতর্ক বাড়তেই সুর নরম করেছে গালগোটিয়াস কর্তৃপক্ষ। একটি সাফাই দিয়ে তারা জানিয়েছে, “আমরা এই রোবট তৈরি করিনি, আর তেমন দাবিও করা হয়নি।” বিশ্ববিদ্যালয়ের দাবি, তারা কেবল এমন প্রতিভার বিকাশ ঘটাচ্ছে যারা ভবিষ্যতে ভারতে এই ধরণের প্রযুক্তি বানাতে পারবে।

চিনের ‘ইউনিট্রি রোবটিক্স’ এই ধরনের রোবট-কুকুর বানানোর জন্য বিশ্বখ্যাত। এগুলি শিল্পক্ষেত্রে নজরদারি বা বিনোদনের জন্য ব্যবহার করা হয়। আমেরিকার বিখ্যাত ‘বস্টন ডায়নামিক্স’-এর তুলনায় এই চিনা রোবটগুলি অনেক কম দামে পাওয়া যায়।