আজকাল ওয়েবডেস্ক: বাজারে 'এনার্জি ড্রিঙ্ক' হিসেবে পরিচিত বেশ কয়েকটি নামী পানীয় ব্র্যান্ডের বিরুদ্ধে 'মিসব্র্যান্ডিং' বা ভুল লেবেলিং এবং বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ। দেশের খাদ্য সুরক্ষা ও নিয়ামক সংস্থা বা 'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া' (এফএসএসএআই) তরফে এমনটাই জানানো হয়েছে। বুধবার এ নিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট দিয়েছে এসএসএসএআই।

 

দেশের শীর্ষস্থানীয় ছ'টি ব্র্যান্ডের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এফএসএএসএআই ছ'টি সংস্থার বিরুদ্ধে আঙুল তুলেছে। এই তালিকায় রয়েছে- 'রেড বুল' এনার্জি ড্রিঙ্ক, পেপসিকো ইন্ডিয়ার 'অ্যাড্রেনালিন রাশ এনার্জি ড্রিঙ্ক, রিল্যায়েন্স কনজিউমার প্রোডাক্টস-এর 'ক্যাম্পা এনার্জি ড্রিংক - গোল্ড বুস্ট', 'স্টিং' এনার্জি ড্রিঙ্ক, 'হেল' এনার্জি ড্রিঙ্ক এবং কোকা-কোলা সমর্থিত 'মনস্টার এনার্জি' ড্রিঙ্ক।

 

এফএসএসএসএআই-এর নোটিশের ভিত্তিতে ছ'টি সংস্থার কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। এফএসএএআই স্পষ্টভাবে জানিয়েছে যে, 'ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট ২০০৬' এবং এর নিয়মাবলি অনুযায়ী, কোনও খাদ্য বা পানীয় বিক্রির ক্ষেত্রে তার বেশ কিছু কার্যকারিতা বা ঔষধি গুণ নিয়ে কোনও বিভ্রান্তিকর দাবি করা আইনত দণ্ডনীয়। এফএসএসএআই-এর নির্দেশ, বিভিন্ন সংস্থার বোতল বা ক্যানের গায়ে এবং বিজ্ঞাপনে নিম্নলিখিত দাবিগুলি একেবারেই করা যাবে না-

 

১। দেহ ও মনকে উজ্জীবিত করে

 

২। মনোযোগ বাড়ায়

 

৩। শারীরিক শক্তির মাত্রা বাড়ায়

 

৪। শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে

 

নিয়ামক সংস্থাগুলির মতে, খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী, শুধুমাত্র শ্রেণিবিন্যাসের জন্য কোনও পণ্যের ব্র্যান্ডিং বা নামকরণের উদ্দেশ্যে ব্যবহার করার নিয়ম নেই। অথচ এই ব্র্যান্ডগুলি তাদের পণ্যের বিজ্ঞাপনে ও লেবেলে 'এনার্জি ড্রিঙ্ক' শব্দবন্ধটি ব্যবহার করে বাজারজাত করছে।

 

 

উল্লেখ্য, বিজ্ঞাপন ও ব্র্যান্ডিং-এর স্বচ্ছতা বজায় রাখতে ইদানীং বেশ তৎপর হয়ে উঠেছে ভারতের খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা। বিগত কয়েক মাসে অসংখ্য ফুড বিজনেস অপারেটর-কে বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও মিসব্র্যান্ডিং-এর জন্য নোটিশ পাঠানো হয়েছে। সাধারণ উপভোক্তাদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতেও ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় এই সংস্থা।

 

উপভোক্তাদের সচেতনতা বৃদ্ধি এবং খাদ্য সুরক্ষা নিশ্চিত করাই উদ্দেশ্যে এফএসএসএআই-এর। ফলে গত কয়েক মাস ধরে তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এই ধরনের পদক্ষেপের কথা নিয়মিত সাধারণ মানুষকে জানানো হয়েছে।