আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর দ্বিতীয় দিনের রাজ্য সফরে আজ লঙ্কামুড়া বি.ও.পি. পরিদর্শন করেন। সেখানে তিনি প্রহরী সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা সহ বি.এস.এফ.-এর উচ্চপদস্থ আধিকারিকগণও উপস্থিত ছিলেন। লঙ্কামুড়া বি.ও.পি.-তে পৌঁছালে বি.এস.এফ.-এর পদস্থ আধিকারিকগণ স্বরাষ্ট্রমন্ত্রীকে সাদর অভ্যর্থনা জানান। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি চাড়াগাছও রোপণ করেন। রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে এক ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আগরতলার কুঞ্জবনস্থিত পুষ্পবন্ত প্যালেস প্রাঙ্গণে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমিপূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, রাজ্য মন্ত্রিসভার সদস্য-সদস্যাগণ, সাংসদ, বিধায়কগণ, রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকগণ।
অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রোচ্চারণের মাধ্যমে হোটেলের ভূমিপূজনে অংশগ্রহণ করেন। পরে সকল অতিথিগণের উপস্থিতিতে তিনি তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল স্থাপনের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের প্রতিকৃতি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সি.ই.ও. পুনীত ছটওয়াল স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল স্থাপনের একটি সংক্ষিপ্ত তথ্যচিত্রও প্রদর্শিত হয়।
উল্লেখ্য, এই তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেলে ৮৯টি স্ট্যান্ডার্ড রুম, ৬টি এগজিকিউটিভ রুম, ৫টি এগজিকিউটিভ সুটস এবং ১টি প্রেসিডেন্সিয়াল ভিলা থাকবে। এছাড়াও হোটেলে থাকবে ব্যাঙ্কুয়েট ব্লক, বলরুম, মিটিং হল, রেস্টুরেন্ট, সুইমিং পুল প্রভৃতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে ত্রিপুরার শালবাগান স্থিত বিএসএফ ফ্রন্টটিয়ার এর সদর দপ্তরে পৌঁছেন। সেখানে শুরু হয় উচ্চ পর্যায়ে বৈঠক। প্রশাসন সূত্রে জানা গেছে এই বৈঠকে ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা, যে স্থানগুলি তো এখনো কাঁটাতারের বেড়া সম্পূর্ণ হয়নি সে স্থানগুলিতে বেড়া নির্মাণের অগ্রগতি এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে। বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা সহ অন্যান্য মন্ত্রী ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা এবং ত্রিপুরা আটটি জেলার শাসক ও পুলিশ সুপার সহ বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত রয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দু'দিনের রাজ্য সফর শেষে আজ বিকেলে আগরতলা ত্যাগ করেন। আগরতলার এম.বি.বি. বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধায়ক অভিষেক দেবরায়, মুখ্যসচিব জে.কে. সিনহা, রাজ্যপুলিশের মহানির্দেশক অনুরাগ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক প্রমুখ।















