আজকাল ওয়েবডেস্ক: অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন। সম্পূর্ণ নিঃস্ব হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন পাঞ্জাব পুলিশের প্রাক্তন আইপিএস কর্তা অমর সিংহ চহাল। পাটিয়ালার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ জানিয়েছে, নিজের বাড়িতেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে পুলিশ ১৬ পাতার একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সেখানে ওই প্রাক্তন পুলিশ কর্তা স্পষ্ট জানিয়েছেন যে, অনলাইন জালিয়াতির কবলে পড়ে তিনি বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সেই ধাক্কা সামলাতে না পেরে দীর্ঘ সময় ধরে প্রবল মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পাটিয়ালার বরিষ্ঠ পুলিশ আধিকারিক বরুণ শর্মা জানান, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, ২০১৫ সালের বিতর্কিত ফরিদকোট গুলি চালনা কাণ্ডে নাম জড়িয়েছিল অমর সিংহ চহালের। গত বছর পাঞ্জাব পুলিশের বিশেষ তদন্তকারী দল যে চার্জশিট জমা দেয়, তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল ও সুখবীর সিংহ বাদলের পাশাপাশি চহালের নামও ছিল।
প্রাক্তন এই পুলিশ কর্তার মৃত্যুতে পাঞ্জাবের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।
