আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙ্কের উচ্চপদে চাকরি ছেড়ে খুলে ফেলেছেন ছোলা-কুলচের দোকান খুলেছেন এক ব্যক্তি। পরিচ্ছনতার কথা মাথায় রেখে ছোলা তৈরির অটোমেটিক মেশিনও আবিষ্কার করে ফেলেছেন তিনি। তারপরেই জম্মু-কাশ্মীরের রাজৌরিতে খুলে ফেলেছেন দোকান। তাঁর ব্যবসাও চলছে রমরমিয়ে। লাভের মুখ দেখতে পেয়ে, ওই ব্যক্তি জয়পুর এবং বেঙ্গালুরুতে আরও দু'টি শাখাও খুলবেন বলে ঠিক করেছেন।

জানা গিয়েছে, কেমব্রিজ থেকে স্নাতক পাশ করার পর ব্যাঙ্কে চাকরি করছিলেন সাগর। দিব্যি চলছিল চাকরিজীবন। তবে শুরু থেকেই তাঁর আলাদা কিছু করার ইচ্ছে ছিল। এছাড়া খেতে তিনি বরাবরই পছন্দ করতেন। তা যদি আবার ছোলা-কুলচা হয় তাহলে তো কোনও কথাই নেই। সেই বিশেষ শখকেই পেশা হিসাবে বেছে নিলেন সাগর। এরপরেই স্থির চাকরি ছেড়ে, সাগর খুলে ফেলেছেন ছোলা-কুলচার দোকান। তাঁর দোকানের সেই মেশিনের ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে , মেশিনের বোতামে চাপ দিলেই নানা স্বাদের ছোলা তৈরি হয়ে বেরিয়ে আসছে। শুধু কি ছোলা, তার সঙ্গে রয়েছে কুলচাও। তাও আবার দু'রকমের। আটা কুলচা ও সুজির কুলচা। ক্রেতারা তাঁদের ইচ্ছে মতো কুলচা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। আচার, পিয়াজ, লেবুর সঙ্গে ক্রেতাদের ছোলা-কুলচা পরিবেশন করছেন সাগর। মাত্র ৪৫ সেকেন্ডে ছোলা তৈরি হয়ে মেশিন থেকে বেরিয়ে আসছে। অন্যদিকে, দোকানদার মাত্র এক মিনিটে সাজানো প্লেট ক্রেতাদের হাতে তুলে দিতে। 

দোকানে আসা ক্রেতারা খাবারের সঙ্গে সঙ্গে মেশিনটিরও প্রশংসা করেছেন। পাশাপাশি, নেটিজেনরাও সাগরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।