আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের আইসিএসই পরীক্ষার ফল ঘোষণা করা হবে বুধবার। সমাজমাধ্যমে হঠাৎই 'ভাইরাল' নির্দেশিকা। আর তার পর থেকেই উদ্বিগ্ন পড়ুয়া থেকে অভিভাবক-সকলেই। এ বার সেই বিজ্ঞপ্তিটি 'ভুয়ো' বলে জানাল কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগ্জামিনেশনস (সিআইএসসিই)।
সমাজমাধ্যমে প্রচারিত বিজ্ঞপ্তিতে ২২ এপ্রিল দুপুর ৩টে নাগাদ ফল ঘোষণার কথা উল্লেখ করা হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেটি একটি 'ভুয়ো' বিজ্ঞপ্তি। কাউন্সিলের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, এমন কোনও বিজ্ঞপ্তি তাদের তরফে জারি করা হয়নি। জানানো হয়নি ফল ঘোষণার দিনক্ষণ। কিছু অসাধু ব্যক্তি অপেক্ষারত পড়ুয়াদের বিভ্রান্ত করতেই এমন নির্দেশিকা সমাজমাধ্যমে প্রচার করছে। শিক্ষাবিদ এবং সিআইএসসিই আধিকারিকেরাও পড়ুয়াদের সতর্ক করেছেন। জানিয়েছেন, যে কোনওরকম বিজ্ঞপ্তির জন্য সিআইএসসিই-র নিজস্ব ওয়েবসাইট- results.cisce.org এবং cisce.org-এর দিকেই নজর রাখতে হবে।
কাউন্সিলের এক আধিকারিক সংবাদমাধ্যমকে বলেছেন, "এখনও কাউন্সিলের দশম এবং দ্বাদশের ফল ঘোষণার দিন স্থির করা হয়নি। তবে এ বার কিছুটা আগেই ফলপ্রকাশ করা হতে পারে। চলতি মাসের শেষ সপ্তাহেই ফলাফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। পরীক্ষার্থীদের চূড়ান্ত ফল প্রস্তুত করার কাজেই আপাতত ব্যস্ত কাউন্সিলের সদস্যরা।"
উল্লেখ্য, বিগত বছরগুলিতেও এপ্রিল মাসের শেষে বা মে মাসের শুরুতেই ফল ঘোষণা করার রেকর্ড রয়েছে কাউন্সিলের। ২০২৪ সালের আইসিএসসি-র ফল প্রকাশ করা হয় ৬ মে। ২০২৫ সালে ফল ঘোষণা করা হয় ৩০ এপ্রিল। সেই ধারা অব্যাহত রেখেই পরীক্ষা শেষের এক মাসের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।
প্রসঙ্গত, চলতি বছরে সিআইএসসিই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয় গত ১৭ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ৩০ মার্চ। আইএসসি পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এপ্রিলের প্রথম সপ্তাহ অবধি চলে। তবে ইরান-আমেরিকা যুদ্ধ পরিস্থিতির জেরে প্রথমে সিবিএসই-র একাধিক পরীক্ষা স্থগিত রাখা হয়। একই কারণে প্রথমে পরীক্ষা পিছিয়ে দেওয়া এবং পরবর্তীকালে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায় সিআইএসসিইও। দুবাই, আবু ধাবি, সারজাহ-সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশে স্থগিত রাখা হয় পরীক্ষা। প্রায় হাজারের বেশি পরীক্ষার্থীর কথা ভেবে নেওয়া হয় এই সিদ্ধান্ত। পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য স্কুলের বিভিন্ন পরীক্ষা এবং কাউন্সিলের চূড়ান্ত পরীক্ষায় প্রাপ্ত নম্বর যাচাই করে দেখা হবে বলে জানানো হয়েছে।















