আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম করে উদ্বোধন করা হয়েছিল হাসপাতালের। উপস্থিত ছিলেন একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিক। উদ্বোধনের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই বন্ধ হয়ে গেল হাসপাতাল। মোদি-শাহের রাজ্যে দুর্নীতি ঘিরে তোলপাড় গোটা দেশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। পাণ্ডেসারা এলাকায় জনসেভা নামে মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল খুলেছিলেন পাঁচজন চিকিৎসক। পুলিশ সূত্রে খবর, পাঁচজনের অধিকাংশই ভুয়ো চিকিৎসক। এখনও পর্যন্ত দু'জন যে ভুয়ো চিকিৎসক, তার প্রমাণ পাওয়া গিয়েছে। আরও একজনের নথিপত্র পৌঁছেছে থানায়। বাকি দু'জনের নথি জোগাড় করার চেষ্টা চলছে। 

 

পুলিশ জানিয়েছে, প্রত্যেকেই পরিচয় লুকিয়ে হাসপাতাল খুলেছিলেন। হাসপাতালে চিকিৎসা পরিষেবা শুরু হলেই রোগীদের জীবন বিপন্ন হতে পারত। এর জন্য আগেভাগেই তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাঁচজনের কাউকেই এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তাঁদের নথিপত্র খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। 

 

স্থানীয় সূত্রে খবর, ওই হাসপাতালের উদ্বোধনে হাজির ছিলেন সুরাট মিউনিসিপ্যাল কমিশনার, পুলিশ কমিশনার, জয়েন্ট পুলিশ কমিশনার সহ আরও একাধিক সরকারি আধিকারিক। তবে হাসপাতালটি যে ভুয়ো চিকিৎসকদের উদ্যোগে খোলা হয়েছে, তা বিন্দুমাত্র টের পাননি কেউ। দু'জন চিকিৎসকের বিরুদ্ধে আগেই মামলা রুজু হয়েছিল। তাও জানতেন না কেউ। গোটা হাসপাতাল চত্বরটি সিল করে দিয়েছে পুলিশ। তদন্ত জারি রয়েছে।