আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইয়ের রাস্তায় মদ্যপ অবস্থায় এক মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে মৃত্যু হলো ৩০ বছর বয়সী এক যুবকের। মৃত যুবকের নাম কালাইসেলভান। গত বুধবার ভোরে শহরের ব্রডওয়ে এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ঘটনার সময় কালাইসেলভান তার এক বন্ধুর সঙ্গে অটোতে করে যাচ্ছিলেন। অভিযোগ উঠেছে যে, মদ্যপ অবস্থায় তিনি চলন্ত অটো থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলার গায়ে প্রস্রাব করে দেন। এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ করায় ওই মহিলার সঙ্গে কালাইসেলভানের তীব্র বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে আশেপাশে থাকা লোকজন সেখানে জড়ো হয়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

উত্তেজিত জনতা কালাইসেলভানকে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে। গণপিটুনির এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্ট্যানলি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তার বন্ধুও আহত হয়েছেন।

বর্তমানে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রকাশ্য রাস্তায় আইন নিজের হাতে তুলে নেওয়ার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।