আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদের জুবিলি হিলসের অভিজাত এলাকায় গত শনিবার রাতে যা ঘটল, তা দেখে কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের চোখ চড়কগাছ। সিনেমার পর্দায় জেমস বন্ডের সেই বিখ্যাত অ্যাস্টন মার্টিন গাড়ির কথা মনে আছে? যেখানে বোতাম টিপলেই নিমেষে বদলে যেত গাড়ির নম্বর প্লেট? ঠিক সেই দৃশ্যই বাস্তবে নামিয়ে আনলেন পেশায় চিকিৎসক গৌতম রেড্ডি। মদ্যপ অবস্থায় বিলাসবহুল বিএমডব্লিউ চালিয়ে যাওয়ার সময় পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়েন তিনি। কিন্তু বিপত্তি ঘটল যখন পুলিশ তাঁকে ব্রেথ-অ্যানালাইজার টেস্ট দিতে বলল। ধরা পড়ে যাওয়ার ভয়ে পুলিশের সামনেই রিমোট কন্ট্রোল ব্যবহার করে চোখের পলকে গাড়ির নম্বর প্লেট বদলে দিলেন ওই চিকিৎসক।
ঘটনার আকস্মিকতায় পুলিশ আধিকারিকরা স্তম্ভিত হয়ে যান। দেখা যায়, মুহূর্তের মধ্যে তেলেঙ্গানার নম্বর প্লেট ‘TS9FQ9999’ পাল্টে গিয়ে হয়ে গেল দিল্লির নম্বর ‘DL6CM7097’। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ই-চালান ফাঁকি দিতে এবং ডিজিটাল নজরদারি থেকে বাঁচতে গাড়িতে অত্যন্ত উন্নত মানের এই ‘ফ্লিপ নম্বর প্লেট’ সিস্টেম বসিয়েছিলেন তিনি। প্রাথমিক তদন্তে ধরা পড়েছে যে, তেলেঙ্গানার যে নম্বরটি তিনি ব্যবহার করছিলেন, সেটি তাঁরই অন্য একটি গাড়ির নম্বর। অর্থাৎ অত্যন্ত ঠান্ডা মাথায় পুলিশ ও প্রশাসনকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন এই চিকিৎসক। জুবিলি হিলস ট্রাফিক থানার ইন্সপেক্টর এন রবীন্দ্র জানিয়েছেন যে, ভুয়ো নম্বর প্লেট ব্যবহারের ঘটনা নতুন না হলেও, এমন অত্যাধুনিক যান্ত্রিক কারসাজি সচরাচর দেখা যায় না।
চিকিৎসকের রক্তে অ্যালকোহলের মাত্রা পরীক্ষা করে দেখা গিয়েছে, তা নির্ধারিত সীমার চেয়ে বহুগুণ বেশি। প্রতি ১০০ মিলিলিটার রক্তে যেখানে ৩০ মিলিগ্রাম অ্যালকোহল থাকা আইনত অনুমোদিত, সেখানে তাঁর শরীরে পাওয়া গিয়েছে ১৩৭ মিলিগ্রাম। পুলিশ জানিয়েছে, সম্ভবত কোনও ব্যক্তিগত গাড়ি সাজানোর দোকান বা ডেকোর ইউনিট থেকে এই বেআইনি মেকানিজমটি বসানো হয়েছিল। ইতিমধ্যেই সেই দোকানের খোঁজ শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধেও কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ওই চিকিৎসকের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং মোটর ভেহিকেলস অ্যাক্টের অধীনে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলা রুজু করা হয়েছে। তাঁর সাধের বিএমডব্লিউ গাড়িটি বাজেয়াপ্ত করে বিস্তারিত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সিনেমার কায়দায় পালানোর চেষ্টা করলেও, শেষরক্ষা আর হল না ওই ‘বন্ড’ ভক্ত চিকিৎসকের।















